২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীর সাততলা বস্তি উচ্ছেদ

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তি হিসেবে পরিচিত স্বাস্থ্য বিভাগের জমিটি মঙ্গলবার অবৈধ দখল মুক্ত করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। শেষ হয় সন্ধ্যায়। পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করায় আশ্রয়হীন হয়ে পড়েছেন এ বস্তির এক হাজারেরও বেশি পরিবার। তাদের অধিকাংশই মালামাল নিয়ে জড়ো হয়েছেন বস্তির পাশের ঘোড়ার মাঠে। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 11:51 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীতে সাততলা বস্তি হিসেবে পরিচিত স্বাস্থ্য বিভাগের জমিটি মঙ্গলবার অবৈধ দখল মুক্ত করা হয়েছে। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় এই অভিযান আইনসম্মত হয়নি বলে দাবি করেছেন বস্তির বাসিন্দা ও আইনজীবীরা। পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করায় আশ্রয়হীন হয়ে পড়েছেন এ বস্তির এক হাজারের বেশি পরিবার। তাদের অধিকাংশই মালামাল নিয়ে জড়ো হয়েছেন বস্তির পাশের ঘোড়ার মাঠে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম খানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। চলে সন্ধ্যা পর্যন্ত। গুলশান জোনের সহকারি পুলিশ কমিশনার শিহাব কায়সারের নেতৃত্বে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হকসহ ১৬০ জন পুলিশ সদস্য অভিযানে অংশ নেয়। এর মধ্যে ৪০ জন মহিলা পুলিশও ছিলো। এছাড়া গণপূর্ত বিভাগের শতাধিক শ্রমিক মাথায় লাল ফিতা বেঁধে হাতুড়ি-শাবল নিয়ে উচ্ছেদ কাজে অংশ নেন। অভিযান শুরুর পর ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উচ্ছেদ শেষ হলে এই জমিতে 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অফ হেলথ' ভবন নির্মাণ করা হবে। এ জন্য ২০০ কোটি টাকা অনুদান দেবে সৌদি আরব সরকার।" তিনি জানান, ১৪ আগস্ট একবার এই বস্তি উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সব প্রস্ততি শেষ করার পরও বন্যার কারণে ও পুলিশ ফোর্স না পাওয়ায় ওইদিনের অভিযান স্থগিত করা হয়। তবে এলাকাবাসী বলেছেন, ওই দিন অভিযান শুরুর মুহূর্তে তাদের বাধার মুখে উচ্ছেদকারী দল ফিরে যেতে বাধ্য হয়। ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বলেছেন, উচ্ছেদ অভিযান শুরুর আগে গত রবি ও সোমবার গুলশান থানা পুলিশ বস্তিবাসীদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য মাইকে প্রচারণা চালায়। কিন্তু এলাকাবাসীর দাবি, শুধু সোমবার বিকেলেই মাইকে উচ্ছেদের কথা জানায় পুলিশ। ওইদিন বিকেল পাঁচটার মধ্যে তাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়। এলাকাবাসী সাততলা বস্তি এলাকায় প্রায় ৫ হাজার ঘর থাকার কথা জানালেও ম্যাজিস্ট্রেট দাবি করেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জমির ওপর গড়ে ওঠা এই বস্তিতে সাত থেকে আটশ ঘর রয়েছে। এদিকে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও এভাবে অভিযান চালানো আইনসম্মত হয়নি বলে দাবি করেছেন বস্তির বাসিন্দা ও আইনজীবীরা। ২০০৩ সালে মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল এবং বস্তির বাসিন্দা আব্দুল খালেক, তমিজউদ্দিন মাস্টার ও অংকুরন্নেছা বাদী হয়ে উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে আদালত মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত সাততলা বস্তিসহ রাজধানীর যে কোনো বস্তি উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞা জারি করে। 'আইন ও সালিস কেন্দ্রের (আসক) আইনজীবী অ্যাডভোকেট আবু ওবায়দুর রহমান টগর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বস্তি উচ্ছেদ করা যাবে না।" বস্তিবাসীদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। 'আইন ও সালিস কেন্দ্র ২০০৩ সাল থেকে বস্তি উচ্ছেদের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে আসছে। বস্তি উচ্ছেদের বিরুদ্ধে দায়ের করা মামলার পাঁচ বাদির একজন আব্দুল খালেক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মারুফ ইবনে মাহবুবকে বলেন, "হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বস্তি উচ্ছেদ করায় আদালত অবমাননা হয়েছে। কিন্তু জরুরি অবস্থা থাকায় এর বিরুদ্ধে এখন কিছু করা যাচ্ছে না।" তবে তারা আইনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানান আব্দুল খালেক। এদিকে নিষেধাজ্ঞা থাকার পরও কেন অভিযান চালানো হলো জানতে চাইলে ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম খান বলেন, "মামলার ব্যাপারে আমার কিছু জানা নেই। বস্তিবাসী বা কোনো মানবাধিকার সংস্থা লিখিতভাবে আমাকে কিছু জানায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে নিয়ম মেনেই এ অভিযান চালানো হয়েছে।" যে কোনো উচ্ছেদ অভিযানের আগে পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিলেও সেই ব্যবস্থা না করেই সাততলা বস্তি উচ্ছেদ কেন শুরু হলো জানতে চাইলে ম্যাজিস্ট্রেট বলেন, "পুনর্বাসনের বিষয়টি সরকার দেখবে, আমরা না।" অভিযানের জন্য নিয়ম অনুযায়ী জাতীয় আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির অনুমোদন নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, "কমিটির সভাপতি আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনসহ অন্য সদস্যরা বিষয়টি জানেন।" এদিকে বস্তির বাসিন্দারা অভিযোগ করেছেন, উচ্ছেদের মাত্র ১২ ঘণ্টা আগে এ বিষয়ে মাইকিং করায় তাদের বিপদ বেড়ে গেছে। উচ্ছেদ হওয়া বস্তির বাসিন্দা সুরভী আক্তার হেনা বলেন, "গতকাল বিকালে (সোমবার) শুধু আধা ঘণ্টার জন্য মাইকিং করা হয়। আমাদের বিকেল পাঁচটার মধ্যে মালামাল সরিয়ে নিতে বলা হয়। এত কম সময়ের মধ্যে ঘরবাড়ি ভেঙে মালামাল নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো?" তিনি বলেন, "বস্তির মধ্যে ব্র্যাকের একটি ডেলিভারি সেন্টার (মাতৃসেবা) ছিলো। উচ্ছেদের সময় সেখানে পাঁচজন আন্তঃসত্ত্বা মহিলা ছিলেন। এখন তারা কোথায় আশ্রয় নেবেন তা আল্লাহই জানেন।" আরেক বাসিন্দা মনোয়ারা জানান, তার স্বামী আব্দুল বাতেন মোল্লা ডায়বেটিসে আক্রান্ত হয়ে শয্যাশয়ী। এখন অসুস্থ স্বামী আর চার সন্তানকে নিয়ে তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছেন না। তিনি অভিযোগ করেন, অভিযানের সময় মালামাল সরিয়ে নেওয়ার সময় দেওয়া হয়নি। অনেক কাকুতি মিনতি করলেও বুলডোজার চাপা দিয়ে তার ঘরের জিনিসপত্র নষ্ট করে ফেলা হয়। পেশায় রাজমিস্ত্রী সাজু মিয়ার স্ত্রী নূরজাহান বেগম বলেন, "মাসের অর্ধেক গ্যাছে। এখন অন্য কোথাও বাসা ভাড়াও পাব না। বাধ্য হয়্যা পাশের ঘোড়ার মাঠে মালামাল রাখছি। অহন অল্লাহ যেদিক নিয়া যায়, হেইদিকই যামু।" উচ্ছেদ হওয়া আরেক বাসিন্দা সুফিয়া বেগম বলেন, "বস্তিতে আমার একটা ঘর ছিলো। সারা দিন ইট ভাইঙ্গা কোনরকমে সংসার চলতো। কাইল কাজ শ্যাষে রাইত একটায় বস্তিতে ফিরা উচ্ছেদের খবর জানছি।" তিনি আরো বলেন, "আমাগো ঘর ভাইঙ্গা দিলেও গণপূর্তর আবু তাহেরের ঘর ঠিকই আছে। হের লগে উপরের লোকজনের ভালো খাতির। এক জায়গায় দুই নিয়ম কেন?" গণপূর্ত কার্যালয় সংলগ্ন বস্তির একটি অংশ এবং আবু তাহের নামে গণপূর্ত বিভাগের এক কর্মচারীর একটি বড় টিনের ঘর না ভাঙার কারণ জানতে চাইলে ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বলেন, "বস্তির ওই অংশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীরা থাকেন। জমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মালিকানাধীন। ভূমি জরিপ অনুযায়ী যে সীমানা চিহ্নিত করা হয়েছে সে অনুযায়ীই অভিযান চালানো হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআইএম/এমএআর/জেকে/এমএ/২২৩৮ ঘ.