২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পারাপারে বিঘ

পদ্মা-যমুনায় পানি বাড়তে থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচলে অচলাবস্থা দেখা দিয়েছে। বারবার ঘাট সরিয়ে গাড়ি পারাপার ব্যবস্থা কোনও রকমে চালু রাখা হয়েছে। দুই পাড়েই কয়েকশ গাড়ি আটকা পড়ে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 08:04 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

মানিকগঞ্জ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পদ্মা-যমুনায় পানি বাড়তে থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচলে অচলাবস্থা দেখা দিয়েছে। বারবার ঘাট সরিয়ে গাড়ি পারাপার ব্যবস্থা কোনও রকমে চালু রাখা হয়েছে। দুই পাড়েই কয়েকশ গাড়ি আটকা পড়ে আছে। বিআইডব্লিউটিসির আরিচা অফিস জানায়, পানি বেড়ে যাওয়ায় সোমবার রাতে দৌলতদিয়ার দুই নম্বর ফেরি ঘাটটি বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে ঘাটটি স্থানান্তরের কাজ চলছে। পাটুরিয়ার তিন নম্বর ফেরি ঘাটেও পানি উঠে পড়ায় সোমবার সেটি সরিয়ে নেওয়া হয়। পাটুরিয়ায় এখন একটি ঘাট দিয়েই গাড়ি পারাপার চলছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহাদত হোসেন মঙ্গলবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতি মুহূর্তে পদ্মা ও যমুনায় পানি বাড়ছে। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল সচল রাখাই কষ্টকর হয়ে পড়েছে। ক্রমাগত ঘাট স্থানান্তরের মাধ্যমে কোনওরকমে গাড়ি পারাপার করা হচ্ছে।" সরেজমিনে দেখা যায়, ঘাট স্বল্পতার কারণে পারাপার বাধাগ্রস্ত হওয়ায় পাটুরিয়া প্রান্তে শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। দৌলতদিয়া প্রান্তেও কয়েকশ পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে বলে স্থানীয়রা জানায়। বন্যা পূর্বাভাস কেন্দ্রের বুলেটিনে দেখা যায়, মঙ্গলবার সকালে যমুনার পানি আরিচা পয়েন্টে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গোয়ালন্দ পয়েন্টে পদ্মা বইছিল বিপদসীমার ৭৯ সেন্টি মিটার ওপর দিয়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৫৮ ঘ.