২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় কার্যালয়ে ঢুকতে না দেওয়া ১১ দফা শর্তের সঙ্গে অসঙ্গতিপূর্ণ : খোন্দকার দেলোয়ার

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে না দেওয়াকে ঘরোয়া রাজনীতির ওপর থেকে বিধি নিষেধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন দলের নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, "আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর নেতারা তাদের দলীয় কার্যালয়ে বসছেন। অথচ আমাকে আমার দপ্তরে বসতে অনুমতি লাগবে বলে পুলিশ জানিয়েছে। এটা সরকারের ১১ দফা শর্তের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 07:47 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে না দেওয়াকে ঘরোয়া রাজনীতির ওপর থেকে বিধি নিষেধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন দলের নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, "আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর নেতারা তাদের দলীয় কার্যালয়ে বসছেন। অথচ আমাকে আমার দপ্তরে বসতে অনুমতি লাগবে বলে পুলিশ জানিয়েছে। এটা সরকারের ১১ দফা শর্তের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।" একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, "একটি বিশেষ মহলের বিশেষের সহায়তায় তাদের দলের কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না।" মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এ সময় খোন্দকার দেলোয়ার অবিলম্বে সারাদেশে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জরুরি অবস্থা প্রত্যাহার ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। বিএনপির নতুন মহাসচিব বলেন, "প্রধান উপদেষ্টার ভাষণের পর ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্পর্কে আমি আশাব্যঞ্জক মন্তব্য করেছিলাম। কিন্তু আমাকে দলের কার্যালয়ে ঢুকতে না দেওয়ায় হতাশ হয়েছি।" মহাসচিব সরকারের কাছে জানতে চান, কেনো তাকে তার কার্যালয়ে ঢুকতে দেওয়া হলো না। খোন্দকার দেলোয়ার হোসেন আরও বলেন, "মহল বিশেষের সহায়তায় পার্টি কার্যালয়ে নেতাকর্মীদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি। তবে তারা তো দলের কেউ নয়। গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসন তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। তাদের সঙ্গে গুটি কয়েক লোক আছে, দলের নেতাকর্মীরা নেই।" ওই মহল বিশেষের অপচেষ্টা কোনো দিন সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, "নির্বাচন কমিশনে যাওয়া বিষয়ে অচিরেই দলের সভা ডাকা হবে। দলের চেয়ারপারসন কারাবন্দি, তার অনুমতি নিয়েই এই সভা হবে।" নির্বাচন কমিশনে সংস্কারপন্থিদের চিঠি সম্পর্কে তিনি বলেন, "তথাকথিত সংস্কারবাদিদের একজন লিখিত চিঠি দিয়েছেন। এটা দেওয়ার বৈধ অধিকার তার নেই।" চেয়ারপারসন মনোনীত নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির নাম উল্লেখ করে বলেন, "তিনি এ চিঠি দিতে পারেন না। এ বিষয়ে আমরা শিগগিরই সিদ্ধান্ত নেবো।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "চেয়ারপারসনের বহিষ্কারাদেশের পরও যে নিজেকে 'মহাসচিব' দাবি করে তা হাস্যকর। অতীতে এরকম অনেকেই দল থেকে বহিষ্কার হয়েছে। আব্দুল আলিম (সংস্কারবাদি) একবার দল থেকে বহিষ্কার হয়েছিলেন, আবার নাকে খৎ দিয়ে দলে এসেছিলেন। এখন উনি সংস্কারবাদি। সালাহউদ্দিন কাদের চৌধুরী, কামাল ইবনে ইউছুফকেও বহিষ্কার করা হয়েছিল।" নতুন মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির কারা আছেন জানতে চাইলে তিনি বলেন, "বেশিরভাগই আমাদের দিকে। সাইফুর রহমান সাহেব অসুস্থ, আব্দুল মতিন চৌধুরী, সামছুল ইসলাম, চৌধুরী তানভির আহমেদ সিদ্দিকী, ড. আর এ গনি এরা সবাই আমাদের সঙ্গে। খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ অসুস্থ, তিনিও আমাদের সঙ্গেই আছেন। জেনারেল মাহবুবুর রহমান আর এখন তাদের (সংস্কারবাদিদের) দিকে নেই।" খোন্দকার দেলোয়ার হোসেন স্পষ্টভাবে বলেন, "বিএনপিতে কোনো বিভক্তি নেই, বিএনপিকে ভাগ করা যাবে না। যারা ভাগ করতে চায় তাদের দিক থেকে লোক সরে যাচ্ছে। অদূরভবিষ্যতে কেউই তাদের সঙ্গে থাকবে না। কেবল রাজনৈতিকভাবে টিকে থাকা নয়, নিজেরা টিকে থাকার জন্য জন্য তারা এ অপচেষ্টা করছে।" নতুন মহাসচিব জানান, দলীয় কার্যালয় খুলে না দিলেও নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে ও চারপাশে অবস্থান করছে এবং এটা অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে জামিন দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। সংবাদ বিফ্রিংয়ে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, অধ্যক্ষ সোহরাব হোসেন, রিজভী আহমেদ, হেলেন জেরিন খান, মাহবুবুল হক নান্নু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৩৪৮ঘ.ু