বাগেরহাট, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র্যাব ও উপকূল রক্ষী বাহিনীর তিন সদস্য হত্যা মামলার আসামি বনদস্যু আক্কাস ফকির ওরফে আলকাসকে (২৭) শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব।
খুলনার মুজগুন্নি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৬ এর কর্মকর্তা ক্যাপ্টেন মহিউল ইসলাম।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আক্কাস ফকির সুন্দরবনের বনদস্যু দল 'কামাল বাহিনী'র সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, বাওয়ালী, মৌয়াল ও জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অসংখ্য অভিযোগ রয়েছে।
জিজ্ঞাসাবাদে আক্কাস ২০০৬ সালের ১ ডিসেম্বর মংলার পশুর নদীর মোহনায় র্যাব ও উপকূল রক্ষীদের সঙ্গে গোলাগুলিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ওই র্যাব কর্মকর্তা জানান। ওই দিন গোলাগুলিতে উপকূল রক্ষী বাহিনীর সদস্য এমএইচ কবির, এম এ ইসলাম ও র্যাব সদস্য কাঞ্চন নিহত হন।
শনিবার রাতে আক্কাসকে মংলা থানায় সোপর্দ করা হয় বলে মহিউল ইসলাম জানান।
আক্কাসের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার খালকুলা গ্রামে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩০ ঘ.
bdnews24