২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়ভীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করুন: প্রধান উপদেষ্টা

ভয়-ভীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। রোববার সকালে সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি কর্মকর্তাদের ৩৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 10:29 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভয়-ভীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। রোববার সকালে সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি কর্মকর্তাদের ৩৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, "দেশে এখন পরিবর্তনের ধারা চলছে। গণতন্ত্রের মূল ভিত্তি মজবুত ও একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান সরকার সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। তাই সরকারি কর্মকর্তাদের সব ধরনের ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।" তিনি বলেন, "আপনাদের সব সময় মনে রাখতে হবে, আপনারা প্রজাতন্ত্রের সেবক। গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদেরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সুশাসনের কথা শুধু মুখে বললেই হবে না, প্রাত্যহিক কার্যক্রমেও তার নজির রাখতে হবে। মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রেখে আপনাদের কাজ করে যেতে হবে।" সরকার যে কর্মসূচি নিয়েছে, তা বাস্তবায়নে কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলে ড. ফখরুদ্দীন আশা প্রকাশ করেন। তিনি বলেন, "দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখার গুরুত্বপূর্ণ সুযোগ আপনাদের সামনে উপস্থিত। আপনাদের ওপর দেশ ও জনগণের প্রত্যাশা অনেক। দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা বিস্তারসহ প্রশাসনিক কার্যক্রমের মধ্য দিয়ে আপনারা সে প্রত্যাশা পূরণ করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি।" আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তথ্য-প্রযুক্তি জ্ঞানে দখল রাখার ওপর গুরুত্ব আরোপ করেন ড. ফখরুদ্দীন। সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষ করার জন্য প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, "যে প্রশিক্ষণ আপনারা নিয়েছেন, তা পেশাগত দায়িত্ব পালনে আপনাদের আস্থা বৃদ্ধির জন্য সহায়ক হবে।" কর্মকর্তাদের সামনে দাঁড়িয়ে স্মৃতি তাড়িত হয়ে প্রধান উপদেষ্টা বলেন, "আমিও এক সময় নবীন কর্মকর্তা ছিলাম। যে সব প্রশিক্ষণ আমি পেয়েছিলাম, তা কর্মজীবনে দায়িত্ব বোধ তৈরি ও দক্ষতা বৃদ্ধিতে রেখেছে উল্লেখযোগ্য ভূমিকা।" অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম ও শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী বক্তব্য রাখেন। পরে প্রধান উপদেষ্টা ১০ জন কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে পদক ও সনদ তুলে দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/এমএ/১৬২৫ঘ.