সিলেট, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রবল বৃষ্টিপাতে বিমানবন্দর বাইপাস সড়কের বড়শালায় টিলা ধসে সিলেটের সঙ্গে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও সদর উপজেলার একাংশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়কের উভয় পাশে আটকা পড়েছে যানবাহন ও পণ্যবাহী ট্রাক।
শনিবার সওজের উদ্ধার কর্মীরা সড়ক থেকে দিনভর মাটি অপসারণের কাজ করেও যোগাযোগ স্বাভাবিক করতে পারেননি।
গত এক মাসে এ নিয়ে অন্তত চারবার টিলা ধসের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, বড়শালা টিলা কেটে ওই সড়ক নির্মাণ করায় সড়কের ১০০ গজ পরিমাণ অংশ টিলা ধসের ঝুঁকিতে আছে। ভারি বৃষ্টি হলে টিলা ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শনিবার বিকেলে দেখা গেছে, প্রায় ৫০ গজ এলাকাজুড়ে সড়কের উপর তিন ফুট উচ্চতার মাটি পড়ে আছে। সওজের উদ্ধার কর্মীরা ক্রেন দিয়ে মাটি তুলছেন। তবে মাটি অপসারণের সঙ্গে সঙ্গে নতুন করে মাটি পড়তে থাকায় উদ্ধার কাজ এগুচ্ছে না। বৃষ্টিপাত না কমলে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা।
সিলেট সওজ'র নির্বাহী প্রকৌশলী আবদুস সবুর বলেন, "প্রবল বৃষ্টিপাতের কারণে টিলাধসে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ সড়কের টিলা অংশ কেটে স্থায়ী ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে। তাদের নির্দেশনা না পাওয়ায় সওজের কাজ শুরু করা যাচ্ছে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24