ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ অবস্থা আরও ২/১ চলতে পারে। তিনটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত আবহাওয়াবিদ শাহজাহান আলম শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৌসুমী বায়ুর প্রভাবে এখন স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। সাগরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছিল, তা স্থলভাগে উঠে গেছে। তাই সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।"
আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ স্থানে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রোববার সকাল পর্যন্ত সাগরে মাছ ধরা ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় চাঁদপুরে সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া সীতাকুণ্ডে ৩৪, সন্দ্বীপে ৩৭, শ্রীমঙ্গলে ৩৩, কুমিল্লায় ৪৪ ও পটুয়াখালীতে ৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৬৫৭ ঘ.
bdnews24