মৌলভীবাজার, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ায় শনিবার ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিল। তবে এতে কেউ হতাহত হয়নি।
সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল ও সাতগাঁও রেল স্টেশনের মধ্যবর্তী শাহজিবাজার এলাকায় ট্রেনটির বগি লাইনচ্যুত হয়ে পড়ে বলে জানান শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, "সকাল ১০টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। কাজ শেষ হলে বেলা ১২টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।"
ওই সময় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেল স্টেশনে তিন ঘণ্টা আটকে ছিল বলে জাহাঙ্গীর আলম জানান।
তিনি আরও জানান, একই সময়ে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জে আটকা পড়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24