ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এক বন্যার ক্ষত শুকাতে না শুকাতেই ফের বন্যার কবলে পড়েছে দেশ। ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুরসহ সিলেট ও ফেনীর নিুাঞ্চল প্লাবিত হয়েছে। চলতি বছরের জুলাই-আগস্টের বন্যায় ঘরবাড়ি হারানো মানুষরা যখন বাড়ি ফিরতে শুরু করেছিলো, এখন তারা আবার ছুটছে আশ্রয়ের সন্ধানে। বন্যার পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় শনিবার সকালে ফেনী জেলা শহরের সঙ্গে পরশুরাম উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কুড়িগ্রাম ও নীলফামারীতেও যোগাযোগ ব্যাহত হচ্ছে। দেশের সব নদীতেই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ১০টি নদীর পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। মৌসুমী বায়ুর প্রভাবে কয়েকদিন ধরে সারাদেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
সরকারি হিসেব অনুযায়ী, চলতি বছরের মাঝামাঝিতে বন্যায় সারাদেশে ৮৩১ জন মানুষ মারা যায়। ৩৯টি জেলার ২৫৬টি উপজেলার ৬৫ হাজার ৫২২টি ঘর সম্পূর্ণ বিনষ্ট হয়। ৭ লাখ ৭৯ হাজার ১৫১ একর জমির ফসল তলিয়ে যায়। ভেসে যায় ৩ হাজার ৬১৯ কিলোমিটার সড়ক।
পানি উন্নয়ন বন্যা পূর্বাভাস কেন্দ্রের শনিবারের বুলেটিনে বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও বিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ বৃষ্টিপাত আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকবে।
ভারতের আবহাওয়া দপ্তরের উদ্ধৃতি দিয়ে কেন্দ্রের বুলেটিনে আরও বলা হয়, আসামের ডিব্র"গড়, গোলাঘাট, সোনিতপুর ও সিভাসগড়ে বন্যা দেখা দিয়েছে। এই পানি ব্রহ্মপুত্র হয়ে বঙ্গোপসাগরে নামবে বলে ব্রহ্মপুত্র অববাহিকার বাংলাদেশ অংশ অর্থাৎ যমুনা ও তিস্তা তীরবর্তী জেলাগুলোতে বন্যা দেখা দিতে পারে।
কেন্দ্র জানায়, উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। সেই সঙ্গে মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের নিুাঞ্চল।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ব্রহ্মপুত্র অববাহিকায় ধরলা, তিস্তা ও যমুনা যথাক্রমে বিপদসীমার ৬২, ৭০ ও ৩৫ সেন্টি মিটার ওপর দিয়ে বইছিল। গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টি মিটার ওপরে রয়েছে পদ্মা। সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা বিপদসীমার ১৫০ সেন্টি মিটার ও অমলসিদ পয়েন্টে কুশিয়ারা বিপদসীমার ১৩৭ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরশুরাম পয়েন্টে মুহুরী রয়েছে বিপদসীমার ৮৫ সেন্টি মিটার ওপরে; আর চট্টগ্রামের নারায়ণহাট পয়েন্টে হালদা বিপদসীমার ১৪০ সেন্টি মিটার ওপর দিয়ে বইছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, এক বছরে দ্বিতীয় দফা বন্যায় সদর, কাজীপুর, শাহজাদপুর উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জেলা শহরের কাছের নিচু এলাকাগুলো তলিয়ে গেছে হাঁটু পানিতে। পৌর এলাকার ভাঙ্গাবাড়ি, রহমতগঞ্জ, সাহেদনগর, বেপারীপাড়া এলাকায় পানি উঠেছে।
সদর উপজেলার খোকশাবাড়ী, কাজীপুর উপজেলার পলাশপুর ও শিমুলতলী এবং শাহজাদপুর উপজেলার মানকষা এলাকায় পাউবোর প্রায় ২০ কিলোমিটার বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে ঢুকে পড়ছে যমুনার পানি।
কাজীপুর উপজেলার শুভগাছা বিকল্প রিং-বাঁধের প্রায় পুরোটাই (৫০০ মিটার) শনিবার যমুনার ভাঙনে বিলীন হয়ে গেছে। শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, যমুনায় পানি বাড়ায় সদর উপজেলার শৈলাবাড়ী ও সিমলা এবং কাজীপুর উপজেলার মেঘাই ও শুভগাছা এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এর ফলে সা
bdnews24