২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় জেএমবির পলাতক আসামির খোঁজ মিলেছে কারাগারে

কুমিল্লায় ২০০৫ সালে ১৭ আগস্ট জেএমবির বোমা হামলা মামলার অভিযুক্ত এক পলাতক আসামির খোঁজ মিলেছে কারাগারে। এক তরুণীকে অপহরণের মামলায় গ্রেপ্তার হয়ে অন্য নামে গত আট দিন ধরে সে জেলা কারগারে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 05:20 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -কুমিল্লায় ২০০৫ সালে ১৭ আগস্ট জেএমবির বোমা হামলা মামলার অভিযুক্ত এক পলাতক আসামির খোঁজ মিলেছে কারাগারে। এক তরুণীকে অপহরণের মামলায় গ্রেপ্তার হয়ে অন্য নামে গত আট দিন ধরে সে জেলা কারগারে রয়েছে। শুক্রবার এক গোয়েন্দা কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। কুমিল্লা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জেএমবি সদস্য আমিনুল ইসলাম ছোটন মুরাদনগর থানার একটি অপহরণ মামলায় 'শামীম আহমেদ মামুন' নামে কুমিল্লা কারাগারে আছেন। তার বাড়ি কুমিল্লা সদর উপজেলার যশপুর গ্রামে। মোতালেব বলেন, বৃহস্পতিবার তাকে তিন দিনের রিমান্ডে আনা হয়। রিমান্ডে আমিনুল স্বীকার করেছেন তিনি শামীম আহমেদ মামুন ছদ্মনামে মুরাদনগর উপজেলার হোসেনতলা গ্রামে আশ্রয় নেন। চলতি বছরের ১৩ মে ওই গ্রামের এক তরুণীকে অপহরণের মামলায় গ্রেপ্তারের পর ৩১ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়। গোয়েন্দা কর্মকর্তা জানান, আমিনুল কুমিল্লা শহরের পাঁচটি স্থানে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা মামলার আসামি। কোতয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ওই বছর ৩ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ঘটনার পর থেকেই আমিনুল পলাতক ছিলেন। তাকে ১৭ আগস্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/ডিডি/এমএইচবি/২৩০৮ ঘ.