চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সন্দ্বীপ ও মীরসরাই উপজেলার চারটি গ্রামের ওপর দিয়ে শুক্রবার সকালে আকস্মিক ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে প্রায় আড়াইশ ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন পাঁচ জন।
সকাল সাড়ে সাতটার দিকে সন্দ্বীপের তিনটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়টি প্রায় ১৫ মিনিট স্থায়ী হয় বলে জানান সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধুরী।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সন্দ্বীপ পৌর এলাকার হরিশপুর, মুসাপুর ও আজিমপুর গ্রামে ঘূর্ণিঝড়ের আঘাতে গুরুদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হরিশপুর তালুকদার মার্কেটের বেশ কয়েকটি দোকানের চাল উড়ে যায়। তিনটি গ্রামের কাঁচা ও আধা পাকা টিনের ঘর, দোকানপাটসহ ২০০ ঘর ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে পড়ে কয়েকশ গাছপালা।
ঘর ও গাছচাপা পড়ে আহত পাঁচ জনের মধ্যে মো. মানিক (৩৫) ও নুরজাহান (৪৫) নামে দুই জনকে হরিশপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
অপরদিকে, মীরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নে সকাল ১১টার দিকে ঘূর্ণিঝড় আঘাত হানলে প্রায় ৫০টি ঘর বিধ্বস্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, স্বল্প সময় স্থায়ী এ ঝড়ে কেউ হতাহত হয়নি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/২০০৫ ঘ.
bdnews24