ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার দুটি নতুন ইউরিয়া সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, সিরাজগঞ্জে নর্থ-ওয়েস্ট ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড নামে একটি এবং ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড নামে আরেকটি কারখানা স্থাপন করা হবে। প্রতিটি কারখানায় বছরে ৫ লাখ ৬০ হাজার টন সার উৎপাদিত হবে।
বৃহস্পতিবার শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিরা চৌধুরীর সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কারখানাদুটি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
শিল্প সচিব ড. মো. নূরুল আমীন, পরিকল্পনা কমিশনের সদস্য এহসানউল ফাত্তা, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব এএমএম নাসির উদ্দিন, অর্থ বিভাগের মহাপরিচালক (মনিটরিং সেল) ড. চৌধুুরী সালেহ আহমদ, ইআরডি'র অতিরিক্ত সচিব মো. শহীদুল হক, বিসিআইসির চেয়ারম্যান মোখলেছুর রহমান এবং পেট্রোবাংলার চেয়ারম্যান শেখ আবদুর রশীদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/২৩৩৫ ঘ.
bdnews24