২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকার ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে সংঘর্ষ ছড়িয়ে পড়ার বিষয়টি তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 05:04 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে সংঘর্ষ ছড়িয়ে পড়ার বিষয়টি তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন। কমিশন প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মো. হাবিবুর রহমান খান বৃহস্পতিবার সকাল ১২টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ফুলবাড়িয়া পুলিশ বক্স, ইংলিশ রোডের ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যাংক, ইংলিশ রোডে ডেসার ক্ষতিগ্রস্ত উপকেন্দ্র ও কমলাপুরে বিআরটিসি বাস ডিপোতে আগুনে পুড়ে যাওয়া দুটি বাস দেখেন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে যারা সাক্ষ্য দিতে ইচ্ছুক তাদের কমিশন কার্যালয়ে আসারও অনুরোধ জানান তিনি। দুপুরে কমিশন কার্যালয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়া শুরু হয়। বৃহস্পতিবার কেবল একজন ব্যবসায়ী সাক্ষ্য দেন। মো. আলমগীর ভূঁইয়া নামের ওই পরিবহণ ব্যবসায়ী দুপুর তিনটা থেকে প্রায় আধাঘন্টা কমিশন প্রধানের সঙ্গে কথা বলেন। ২২ আগস্ট পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে তার একটি বাস পুড়িয়ে দেওয়া হয়। কমিশনের সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব খুরশীদ আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুদিন সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে কমিশন আবার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়া শুরু করবে। রোববার একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও প্রতিরক্ষা বিশ্লেষকসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যাক্তির সাক্ষ্য দেওয়া বথা বলে জানান তিনি। বিকেলে বিচারপতি হাবিবুর রহমান খান সাংবাদিকদের বলেন, "তদন্ত যেভাবে এগুচ্ছে তাতে আমি সন্তুষ্ট। এভাবে চললে আমরা একটি গ্রহণযোগ্য প্রতিবেদন জমা দিতে পারবো বলে আশা করছি।" তবে কত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২২৫২ ঘ.