চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের মাদাম বিবির হাটে গোল্ডেন স্টিল ফিট কয়েল মিলে বৃহস্পতিবার ভোররাতে মালামাল লুটপাটের সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে একজন গুরুতর আহত হয়েছেন। দুর্বৃত্তরা প্রায় কয়েক লাখ টাকার লোহার স্ক্রাপ ও অন্যান্য সরঞ্জাম লুট করে।
পুলিশ জানায়, গোল্ডেন স্টিল ফিট কয়েল মিলে কয়েকজন দুর্বৃত্ত ভোর সাড়ে চারটার দিকে হানা দেয়। তারা মিলের মালামাল লুট করার সময় নিরাপত্তা প্রহরী আব্দুর রশীদ বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে মালামাল লুট করে। তারা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী মো. মহিউদ্দিন (১৮) নামে একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
গুরুতর আহত আব্দুর রশীদকে (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, পুলিশ খবর পেয়ে কারখানাটিতে গিয়ে জনতার হাত থেকে মহিউদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যপারে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/১৪০৪ ঘ.
bdnews24