ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ পুরো মেয়াদে দায়িত্ব পালন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় সহযোগিতা করার জন্য তিনি সরকার ও দেশবাসীকে ধন্যবাদ জানান। এ ছাড়া নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার রাষ্ট্রপতির প্রেস সচিবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি এক বার্তায় তার দায়িত্ব পালনে অব্যাহত সহযোগিতা করার জন্য সরকার ও দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হবো।"
রাষ্ট্রপতি বলেন, "নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা আরো সুদৃঢ় ও সুসংহত হবে।"
রাষ্ট্রপতি আরো বলেন, "মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরো অর্থবহ করতে হলে দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।"
এ ব্যপারে তিনি সব নাগরিককে দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান।
রাষ্ট্রপতি দেশ ও জনগণের কল্যাণে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত এবং তার দায়িত্ব পালনে সরকার ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
২০০২ সালের ৬ সেপ্টেম্বর প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ দেশের ১৮ তম রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএসবি/এমএ/১৮১২ ঘ.
bdnews24