জামালপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মেলান্দহের শ্যামপুর ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে ডুবে যাওয়া নৌকার দুই যাত্রীর লাশ বুধবার পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছে নৌকার নয় যাত্রী। যাদের প্রায় সবাই বৃদ্ধ ও শিশু।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, সকালে শ্যামপুর ঘাটের কাছে একটি লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তা তুলে আনে। দুপুরে ঘাট থেকে এক কিলোমিটার দূরে প্রতাবঝুড়ি খাঁ পাড়া এলাকায় আরেকটি লাশ ভেসে ওঠে।
তিনি জানান, লাশ দুটি আবু তালেব (৩০) ও নছিম উদ্দিন নসু মিয়া (৮০) নামে ডুবে যাওয়া যাত্রীর বলে সনাক্ত করা হয়েছে। তালেবের বাড়ি পূর্ব শ্যামপুর গ্রামে, আর নসু মিয়ার বাড়ি আমডাঙ্গা গ্রামে।
এছাড়া নিখোঁজ আরও যে পাঁচ জনের নাম পাওয়া গেছে তারা হলেন, মেলান্দহের পূর্ব শ্যামপুর গ্রামের জামিরন বেওয়া (৭০), হাওয়া বেওয়া (৬০), কাজাইকাটা গ্রামের ডালিমন বেগম (৬০), মোশাররফ হোসেন (৮) ও রুবেল(৭)।
মঙ্গলবার সকালে কাজাইঘাটা থেকে শ্যামপুর ঘাটে আসার পথে পুরাতন ব্রহ্মপুত্র নদে শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। বেশিরভাগ যাত্রী সাঁতরে কূলে উঠতে পারলেও ১১ জনের সন্ধান মিলছিল না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৭ ঘ.
bdnews24