ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা ও সাতক্ষীরার আশাশুনিতে বেতনা নদীর ভেড়িবাঁধে ভাঙনের ফলে ব্যাপক এলাকা হুমকির মুখে পড়েছে।
বগুড়া প্রতিনিধি জানান, মঙ্গলবার হঠাৎ করেই সারিয়াকান্দি সদরের কালিকলা গ্রোয়েনের রিবেটমেন্টের প্রায় দুশ' মিটার ধসে গেছে। ফলে মূল গ্রোয়েনসহ উপজেলার প্রশাসনিক এলাকা হুমকির মুখে পড়েছে।
সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টা স্থায়ী এ ধসের ফলে যমুনা নদীর কালীতলা গ্রামের প্রায় ৭০টি বাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। নিরাশ্রয় হয়ে পড়েছে কমপক্ষে অর্ধশত পরিবার।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুর রহমান জানান, তিনি গ্রোয়েনের আশপাশের মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, গ্রোয়েনের ধস এত দ্রুত ও ভয়াবহ ছিল যে, নদীপাড়ের মানুষগুলো বাড়িঘরের কোনোকিছুই সরিয়ে নেওয়ার সময় পায়নি। ভাঙন ঠেকাতে সিসি ব্লক নিক্ষেপ করা হচ্ছে।
ওই গ্রোয়েনের দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী মুক্তার হোসেন জানান, কালীতলার এই অংশে যমুনা নদীর গভীরতা ৪৫ থেকে ৫০ মিটার। ফলে পানির নিম্নমুখী স্রোত নদীর তীর সংরক্ষণ রিবেটমেন্ট ও গ্রোয়েনকে হুমকির মুখে ফেলেছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, আশাশুনি উপজেলার বাহাদুরপুর এলাকায় বেতনা নদীর ওয়াপদা ভেড়িবাঁধের দু'টি পয়েন্টে তিনশ ফুট এলাকাজুড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।
এতে উপজেলার কুল্যা, কাদাকাটি ও দুর্গাপুর এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি হুমকির মুখে আছে কুল্ল্যা ইউনিয়ন। সেখানকার ওয়াপদা ভেড়িবাঁধের বাহাদুরপুর এলাকার দুটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছে। কিন্তু পাউবো এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।
পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল হান্নান জানান, "ভাঙন পয়েন্টে ভিতরের পাশে কয়েকটি গভীর পুকুর থাকায় সংস্কারের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে।"
অন্যদিকে, পাউবো'র নির্বাহী প্রকৌশলী এ কে এম মুজিবর রহমান জানান, "জরুরি মেরামতের কোনো তহবিল না থাকায় ভাঙনের দুটি পয়েন্টে মেরামত কাজ করা যাচ্ছে না। তবে দ্রুত পাঁচ লাখ টাকা চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।"
কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বেতনা নদীর প্রবল স্রোতের কারণে বাহাদুরপুর এলাকায় ওয়াপদা বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
স্থানীয়রা স্বেচ্ছাশ্রম ভিত্তিতে রিং বাঁধ দেওয়ার চেষ্টা করছে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২২৭ ঘ.
bdnews24