২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অস্ত্র দিয়েছে, প্রয়োজনে তা ব্যবহার হবেই: র‌্যাবপ্রধান

র‌্যাবকে সরকার অস্ত্র দিয়েছে ব্যবহারের জন্য, প্রয়োজনে তা ব্যবহার হবেই। তবে তা আইনের বিধিবিধানের বাইরে গিয়ে ব্যবহার করা হচ্ছে কিনা তাই বিবেচ্য বিষয়। এ কথা বলেছেন র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব) এর মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। মঙ্গলবার সকালে কক্সবাজারের হোটেল সী প্যালেসে 'পুলিশ সংস্কার কর্মসূচি'র আওতায় মানবাধিকার বিষয়ক তিন দিনের সেমিনার উদ্বোধনের পর সাংবাদিকদের র‌্যাবপ্রধান এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 02:33 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র‌্যাবকে সরকার অস্ত্র দিয়েছে ব্যবহারের জন্য, প্রয়োজনে তা ব্যবহার হবেই। তবে তা আইনের বিধিবিধানের বাইরে গিয়ে ব্যবহার করা হচ্ছে কিনা তাই বিবেচ্য বিষয়। এ কথা বলেছেন র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব) এর মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। মঙ্গলবার সকালে কক্সবাজারের হোটেল সী প্যালেসে 'পুলিশ সংস্কার কর্মসূচি'র আওতায় মানবাধিকার বিষয়ক তিন দিনের সেমিনার উদ্বোধনের পর সাংবাদিকদের র‌্যাবপ্রধান এ কথা বলেন। র‌্যাবের কার্যক্রমে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে হাসান মাহমুদ বলেন, "র‌্যাবের কোনও সদস্য আইন বহির্ভূতভাবে অস্ত্র ব্যবহার করলে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।" কক্সবাজারে র‌্যাবের একটি ইউনিট স্থাপনের দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে র‌্যাবের মহাপরিচালক বলেন, "যে কোনও বিশেষায়িত বাহিনীর সদস্য সংখ্যা কম থাকে। তাই তাদের কর্মপরিধিও কম। ফলে সে বাহিনী সর্বত্র কাজ করতে পারে না। তবে পর্যটন শহর কক্সবাজারে র‌্যাবের একটি ইউনিট স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে।" তিনি জানান, র‌্যাবে বর্তমানে ৯ হাজার ৭০০ এরও বেশি লোকবল রয়েছে। বাহিনীর ব্যাটালিয়ন সংখ্যা ১২। সেমিনারটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সংস্কার কর্মসূচির জাতীয় কর্মসূচি পরিচালক নববিক্রম কিশোর ত্রিপুরা। সেমিনারে অংশ নিচ্ছেন র‌্যাবের পরিচালক ও সহকারী পরিচালক পর্যায়ের ১৫ জন কর্মকর্তা। এদের মধ্যে ২ জন নারী রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩৩ ঘ.