ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে পরিস্থিতি পর্যালোচনা করে খোলার তারিখ নির্ধারণ করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেট।
এছাড়া, সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও কলেজগুলো খোলার ব্যাপারে আগামী দুই একদিনের মধ্যে শিক্ষামন্ত্রণালয় সিদ্ধান্ত জানাবে।
সোমবার শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরীর সঙ্গে ২৬টি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "বিশ্ববিদ্যালয়গুলোকে অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনা করে সেগুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে উপাচর্যদের বলা হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষামন্ত্রণালয়ের বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখার বিষয়ে সরকারের নির্দেশনা তুলে নিয়ে সুবিধামতো সময়ে খুলে দিতে বলা হয়েছে। এ ব্যাপারে সিন্ডিকেটে আলোচনা করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। এর আগে শিক্ষকদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
উপাচার্য আবশ্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় রোজার আগে খোলা ঠিক হবে না এমন একটি পরামর্শ তিনি শিক্ষক সমিতির কাছ থেকে পেয়েছেন। তবে সেটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সিন্ডিকেট সব বিষয় পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভীতির বিষয়ে তিনি বলেন, দুই একদিনের মধ্যে অভিযোগ গঠন হলে প্রকৃত দোষীরা চিহ্নিত হবে। চিহ্নিত দোষীদের বাইরে কেউ যেন হয়রানি না হয় সে পরিবেশ নিশ্চিত করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও পরে এর জের ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতার পরিপ্রেক্ষিতে গত ২২ আগস্ট দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় শহরের কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচএস/এসএনডি/ ১৮৪৫ ঘ.
bdnews24