চাঁদপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল কালাম সরকার (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ সোমবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ছেংগারচর পৌরসভার আদুরভিটি সরকার বাড়ির আবুল কালাম সরকারের সঙ্গে তার চাচাতো ভাইয়ের জমি-জমা নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে রোববার রাতে এশার নামাজের সময় আবুল কালামের চাচাতো ভাইয়ের মেয়ের জামাই মনির এবং তার সহযোগী কামাল ও বুলবুল লাঠি দিয়ে কালামকে মারধর করে। গুরুতর অবস্থায় ছেংগারচর হাসপাতালে নেওয়ার পর রাতেই আবুল কালাম মারা যায়।
এ ঘটনায় নিহতের ছেলে শাহজালাল বাদি হয়ে সোমবার মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৭ ঘ.
bdnews24