ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাসপোর্ট দেওয়ার কার্যক্রম রোববার থেকে শুরু হয়েছে। সেপ্টেম্বরের প্রথমদিন থেকে এ কার্যক্রম শুরুর কথা থাকলেও সরকারি ছুটি থাকায় রোববার থেকে তা শুরু হয়।
এ কার্যক্রমের আওতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বনিম্ন তিনদিন থেকে সর্বোচ্চ এক মাস সময়ের মধ্যে পাসপোর্ট সংগ্রহ করা যাবে। একমাস সময়ের জন্য দু'হাজার, জরুরি ২১ দিনের ক্ষেত্রে তিন হাজার ও তিন দিনের অতি জরুরি ক্ষেত্রে পাঁচ হাজার টাকা ফিস নেওয়া হবে।
বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো খবর-
নারায়ণগঞ্জ: জেলা প্রশাসক কার্যালয় থেকে পাসপোর্ট প্রদান ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। এখান থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হলে ফিসের টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে চাষাড়ার সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখায়।
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের দায়িত্বে আছেন ম্যাজিস্ট্রেট শোভা শাহনাজ।
প্রথম দিন জেলা প্রশাসক ফইজুল কবীর পাসপোর্ট অফিস ঘুরে দেখেন।
পটুয়াখালী: প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. শিখাইলকে পাসপোর্ট কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি জানান, জেলা প্রশাসক কার্যালয়ে একটি কক্ষে তারা কাজ শুরু করেছেন। সকাল থেকে প্রায় অর্ধশত তরুণ ফরম সংগ্রহ করেছেন।
চাঁদপুর: জেলা প্রশাসক কার্যালয়ে পাসপোর্ট ইস্যুর জন্য একটি সম্পূর্ণ আলাদা অফিস করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
চাঁদপুর জেলা পাসপোর্ট কর্মকর্তার দায়িত্বে আছেন ম্যাজিস্ট্রেট কুলদ্বীপ চাকমা।
তিনি জানান, পাসপোর্ট সংক্রান্ত আবেদন ও ফরম অফিস থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে। পাসপোর্টের জন্য সরকার নির্ধারিত টাকা সোনালী ব্যাংকে জমা দিতে হবে।
গাজীপুর: রোববার এ জেলায় পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১১টায় জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমান একটি আবেদনপত্র বিলির মাধ্যেমে অফিসের কার্যক্রম উদ্বোধন করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলার একটি কক্ষে নতুন পাসপোর্ট অফিসের যাত্রা শুরু হয়েছে।
এ উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আলমগীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা তারিক হিকমত, সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান খান, পৌর চেয়ারম্যান আকম মোজাম্মেল হক প্রমুখ।
পাসপোর্ট অফিস সূত্র জানায়, প্রথমদিন দেড় শতাধিক আবেদনপত্র বিতরণ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৪৮ ঘ.
bdnews24