ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান তার অঘোষিত আয়ের ওপর কর নেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দিতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। রোববার এ ব্যাপারে তিনি হাইকোর্টে রিট আবেদন করেছেন।
বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর বেঞ্চে সোমবার আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রোববার এই বেঞ্চের অনুমতি নিয়েই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারেক রহমান আবেদনটি করছেন। রিট আবেদনটির নম্বর ৭৬৮৯/২০০৭।
আবেদনে বলা হয়েছে, তারেক রহমান তার 'অপ্রদর্শিত' প্রায় ২১ লাখ টাকার ওপর প্রায় ৫ লাখ টাকা আয়কর নেওয়ার জন্য গত ২৯ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করেন। কিন্তু বোর্ড এই আয়কর নেয়নি। এরপর তারেক রহমান কুরিয়ার ও কর্তৃপক্ষের মাধ্যমে তার আয়কর নেওয়ার জন্য আবার আবেদন করেন। কিন্তু রাজস্ব বোর্ড তার আবেদন গ্রহণ করেনি।
তারেক রহমানের আয়কর গ্রহণ না করার বৈধতা চ্যালেঞ্জ করে তার পক্ষে রিটটি দায়ের করেছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। আবেদনটির ওপর শুনানিতে অংশ নেবেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে গত ৭ মার্চ রাতে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২০২৮ঘ.
bdnews24