ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ যুদ্ধ বিমান কেনায় দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাটি বাতিল করা হবে কি না বুধবার তা জানাবে হাইকোর্ট। মামলাটি বাতিলের বিষয়ে শেখ হাসিনা যে আবেদন করেছেন রোববার তার শুনানি শেষ হয়েছে।
গত ২১ আগস্ট হাইকোর্টে শেখ হাসিনার এই আবেদনের ওপর শুনানি শুরু হয়। রোববার শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ আবেদনটির বিষয়ে রায়ের জন্য দিন ধার্য করেন।
রোববার শুনানির শেষ দিনে শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ ও সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, মিগ-২৯ যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। আইন মেনেই মিগ-২৯ যুদ্ধ বিমান কিনেছিল তখনকার সরকার। বরং এ বিমান কেনায় সরকারের ১৭৪ কোটি টাকা সাশ্রয় হয়েছে।
শুনানিতে তারা বলেন, দরপত্রে যে দাম উল্লেখ করা হয়েছিল শেখ হাসিনার সরকার মধ্যস্থতার মাধ্যমে তার চেয়ে কম দামে মিগ-২৯ কিনতে সক্ষম হয়েছিল। সরকার তখন রশিয়া থেকে ৮টি মিগ-২৯ ও চীন থেকে ৮টি এফ-৭ এমজি যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ আমলে ৮টি মিগ-২৯ ও পরে বিএনপি সরকারের সময়ে ৮টি এফ-৭ এমজি যুদ্ধ বিমান কেনা হয়। অনিয়ম হলে বিএনপি সরকার এফ-৭ যুদ্ধ বিমান কিনতো না।
তারা দাবি করেন, শেখ হাসিনাকে হয়রানি করার জন্য বিগত বিএনপি সরকার এ মামলাটি দায়ের করে।
শুনানি শেষে ব্যারিস্টার শফিক সাংবাদিকদের বলেন, মিগ-২৯ দুর্নীতি মামলা বাতিলের জন্য হাসিনার আবেদনের বিষয়ে বুধবার রায় দেবে হাইকোর্ট। এরপর ফ্রিগেট দুর্নীতি মামলা, বেপজায় পরামর্শক নিয়োগ দুর্নীতি মামলা ও মেঘনাঘাট বিদ্যুৎ প্রকল্প স্থাপন দুর্নীতি মামলা বাতিলের বিষয়ে শেখ হাসিনা যেসব আবেদন করেছেন তার ওপর হাইকোর্টে পর্যায়ক্রমে শুনানি হবে।
সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রউফ মিঞা।
৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদল্লাহ আল জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেঁজগাও থানায় মামলাটি দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫ জনকে এ মামলায় আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, এসব বিমান কেনার কারণে দেশের প্রায় ৭শ' কোটি টাকা ক্ষতি হয়েছে।
২০০৩ সালের ২৯ জানুয়ারি শেখ হাসিনা, সাবেক বিমান বাহিনী প্রধান জামালউদ্দিন আহমেদ, সাবেক সেনাবাহিনী প্রধান মোস্তাফিজুর রহমান, সাবেক প্রতিরক্ষা সাচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম প্রতিরক্ষা সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাদ, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর মীর্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরই মার্চে শেখ হাসিনা মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন।
পরবর্তীতে অন্য অভিযুক্তরাও মামলাটি বাতিলের জন্য আলাদাভাবে আবেদন করেন। ৭টি আবেদনের মধ্যে ৬টির শুনানি শেষ হয়েছে। মোস্তাফিজুর রহমানের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তার আবেদনের ওপর শুনানি হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/২০০১ ঘ.
bdnews24