ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দেশে সার সঙ্কট নেই বলে দাবি করেছেন কৃষি উপদেষ্টা সি এস করিম। অন্যদিকে খাদ্য উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, বন্যার কারণে খাদ্য সঙ্কটের কোনো সম্ভাবনা নেই।
রোববার দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে দুই উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা সি এস করিম সার সঙ্কট থাকার কথা নাকচ করে বলেন, "দেশে বর্তমানে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। কোথাও এর কোনো সঙ্কট হবে না। কোনো এলাকায় সার সঙ্কটের আশঙ্কা থাকলে সরকার সেখানে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করবে।
খাদ্য উপদেষ্টা তপন চৌধুরী বলেন, "দেশের কোথাও খাদ্য সঙ্কট দেখা দেবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার এরই মধ্যে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, কাজের বিনিময়ে টাকা কর্মসূচি চালু করেছে। এছাড়া অক্টোবর মাস থেকে বিশেষ ভিজিএফ কর্মসূচি চালু করা হবে। "
সংবাদ সম্মেলনে দুই উপদেষ্টা দেশের বন্যা পরিস্থিতি এবং বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন কর্মসূচি সম্পর্কে বিভিন্ন তথ্য দেন।
এ সময় খাদ্য সচিব ধীরাজ মালাকার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সি কিউ কে মোস্তাক, খাদ্য অধিদপ্তরের মহা পরিচালক মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসএনডি/১৬২৫ ঘ.
bdnews24