ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শনিবার রাতে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও জোরদার হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে রোববার ভারতীয় উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়াবিদ ফারহা দিবা রোববার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমশ ঘনীভূত হয়ে আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সৈয়দ আবুল হাসানাত জানান, লঘুচাপটি রোববার সকালে ভারতের অন্ধ্র-উড়িষ্যা উপকূলে অবস্থান করছিল। বাংলাদেশের সমুদ্র উপকূলে এর প্রভাব তেমন নয়।
তিনি জানান, শুধুমাত্র কক্সবাজার জেলার দক্ষিণের সমুদ্র উপকূলে এর সামান্য প্রভাব রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম অফিস জানায়, লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম নগরীতে সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। তবে সাগর উত্তাল থাকলেও এখন পর্যন্ত কোনও ধরনের সতর্ক সংকেত দেখানো হয়নি বলে জানানো হয়েছে পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর থেকে।
দুপুরে রাজধানীতেও ইলশে গুঁড়ি বৃষ্টি হয়েছে। এছাড়া ফেনীতেও বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এমআই/১৪১২ ঘ.
bdnews24