২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জন্ম নিবন্ধনের কাজ এক বছরেও শুরু হয়নি

সরকারি নির্দেশের পর এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জন্ম নিবন্ধনের মাঠ পর্যায়ের কাজ শুরু করতে পারেনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। যারা কর্পোরেশনে গিয়ে নিবন্ধন করিয়েছেন, তারাও ঠিকানা জটিলতার কারণে জন্মসনদ না নিয়ে ফিরে আসছেন। ফলে সরকার ঘোষিত ২০০৮ সালের ২ জুলাইয়ের মধ্যে এ কাজ শেষ করা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন মিন্টু চৌধুরী। স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০০৬ সালের ১৪ আগস্ট থেকে জন্ম নিবন্ধনের কাজ শুরু করতে দেশের সব সিটি কর্পোরেশনকে নির্দেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 07:26 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি নির্দেশের পর এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জন্ম নিবন্ধনের মাঠ পর্যায়ের কাজ শুরু করতে পারেনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। যারা কর্পোরেশনে গিয়ে নিবন্ধন করিয়েছেন, তারাও ঠিকানা জটিলতার কারণে জন্মসনদ না নিয়ে ফিরে আসছেন। ফলে সরকার ঘোষিত ২০০৮ সালের ২ জুলাইয়ের মধ্যে এ কাজ শেষ করা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন মিন্টু চৌধুরী। স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০০৬ সালের ১৪ আগস্ট থেকে জন্ম নিবন্ধনের কাজ শুরু করতে দেশের সব সিটি কর্পোরেশনকে নির্দেশ দেয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নানা জটিলতা ও সীমাবদ্ধতার কারণে এতদিন কাজ শুরু করা যায়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় অধিকাংশের জন্ম নিবন্ধনের সর্বাত্মক চেষ্টা চালানো হবে।" তিনি জানান, শিগগির নগরীর ৪১টি ওয়ার্ডে জন্ম নিবন্ধন ফরম পূরণের প্রশিক্ষণ শেষ করে জরুরি ভিত্তিতে মাঠ পর্যায়ে নিবন্ধনের কাজ শুরু করা হবে। এজন্য ইপিআই (টিকা) কর্মী, স্কুল শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের দিয়ে ওয়ার্ডগুলোতে তথ্য সংগ্রহের কাজ চালানো হবে। সিটি কর্পোরেশন সূত্র জানায়, জনবল সঙ্কট ও সনদপত্রের সরবরাহ কম থাকায় এক বছর আগে নির্দেশ এলেও মাঠ পর্যায়ে কাজ শুরু করতে পারেনি দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগ। এজন্য কর্পোরেশনের কেন্দ্রীয় ও ওয়ার্ডগুলোতে টাস্কফোর্স গঠন করতেও দেরি হয়। এ কারণে জন্ম নিবন্ধন ফরম পূরণের প্রশিক্ষণের কাজ সময়মতো শুরু হয়নি। এ প্রসঙ্গে ডা. মোহাম্মদ আলী জানান, স্থানীয় সরকার প্রশাসনের দুর্বল কাঠামো, জনবলের অভাব এবং সরকারি প্রচারণা কম থাকার নিবন্ধন প্রক্রিয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অনেক পিছিয়ে পড়েছে। তিনি বলেন, "এখন পর্যন্ত সব সনদে আমাকেই স্বাক্ষর করতে হচ্ছে। প্রায় ৪০ লাখ জনগণের সনদে স্বাক্ষর করা কঠিন কাজ। ঢাকা ও রাজশাহী সিটি কর্পোরেশনের মতো অতিরিক্ত নিবন্ধক নিয়োগ দেওয়া হলে কাজটা সহজ হবে।" সনদ দেওয়ার ক্ষেত্রে একজন ওয়ার্ড কমিশনারকে দায়িত্ব দেওয়া হলে কাজটা আরও সহজ হতো উল্লেখ করে ডা. মোহাম্মদ আলী বলেন, "সরকারিভাবে এ সিদ্ধান্ত নেওয়া হলে নিবন্ধিত ব্যক্তিকে সনাক্ত ও সনদ দেওয়া অনেক সহজ হতো।" তিনি প্রশ্ন রাখেন, "কমিশনার যদি নাগরিকত্বের সনদ দিতে পারেন তাহলে জন্মনিবন্ধন সনদ কেন দিতে পারবেন না?" এদিকে মাঠ পর্যায়ে নিবন্ধন না হলেও নগর ভবনে জন্ম নিবন্ধন করানো হচ্ছে। কিন্তু গ্রামে জন্ম নেওয়া নাগরিকরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে বাস করলেও ঠিকানা জটিলতায় সনদ নিতে পারছেন না। এ কারণে জন্ম সনদ নিতে ব্যর্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক হোসাইন কবির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তথ্য ফরমে বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং জন্মস্থান আলাদাভাবে উল্লেখ থাকলেও জন্ম নিবন্ধন সনদে রয়েছে শুধু স্থায়ী ঠিকানা। এতে আমার বর্তমান ঠিকানাটি জন্মসনদে স্থায়ী হয়ে যাচ্ছে। অথচ সব শিক্ষা সনদ ও পাসপোর্টে আমার গ্রামের বাড়ির ঠিকানাই স্থায়ী ঠিকানা ও জন্মস্থান হিসেবে উল্লেখ আছে।" তিনি বলেন, "এ সনদ নিলে ভবিষ্যতে নানা জটিলতায় পড়তে হতে পারে। এর সমাধান হওয়া খুবই জরুরি।" যারা এ বিষয়টি না জেনে সনদ নিচ্ছেন তারা পরে সনদ সংশোধনীর জন্য ভিড় করছেন নগর ভবনে। কিন্তু সনদে স্থায়ী ঠিকানার পাশাপাশি বর্তমান ঠিকানা উল্লেখের সুযোগ না থাকায় বিষয়টির কোনও সমাধান করা যাচ্ছে না। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রামে জন্ম নেওয়া কোনো ব্যক্তি বা শিশু তিন বছরের বেশি সময় ধরে সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় বসবাস বা জন্মগ্রহণ করলে তার বর্তমান ঠিকানাকে স্থায়ী ধরেই জন্ম সনদ দেওয়া হয়। জন্মনিবন্ধনে ঠিকানা সমস্যার কথা স্বীকার করে ডা. মোহাম্মদ আলী বলেন, "সঙ্কট নিরসনে এরই মধ্যে সরকারের কাছে সনদ সংশোধনের আবেদন জানানো হয়েছে।" তিনি জানান, "সনদে বর্তমান ও স্থায়ী উভয় ঠিকানা রাখার প্রস্তাব করা হয়েছে। যাতে গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও যে কেউ শহরে তিন বছরের বেশি সময় বাস করলে তাকে জন্ম নিবন্ধনের সনদ দেওয়া যায়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/এমআই/১৩২৮ ঘ.