২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিমুক্ত ৩০০ জনপ্রতিনিধি উপহার দেওয়ার আশাবাদ জ্বালানি উপদেষ্টার

কয়েক মাসের মধ্যে দুর্নীতিমুক্ত তিনশ' জনপ্রতিনিধি দেশকে উপহার দেওয়ার আশা প্রকাশ করেছেন জ্বালানি ও বিদ্যুত উপদেষ্টা তপন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 04:09 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কয়েক মাসের মধ্যে দুর্নীতিমুক্ত তিনশ' জনপ্রতিনিধি দেশকে উপহার দেওয়ার আশা প্রকাশ করেছেন জ্বালানি ও বিদ্যুত উপদেষ্টা তপন চৌধুরী। শনিবার বঙ্গবীর আতাউল গণি ওসমানীর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ওসমানী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। 'দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও বঙ্গবীর ওসমানী' শীর্ষক আলোচনা সভাটি আয়োজন করে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ। মুষ্টিমেয় আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদের কারণে দুর্নীতির দায়ভার পুরো জাতিকে বয়ে বেড়াতে হচ্ছে মন্তব্য করে তপন চৌধুরী বলেন, "আজ সময় এসেছে, যখন বিশ্বাস করি, কয়েক মাসের মধ্যে দুর্নীতিমুক্ত সত্যিকারের তিনশ' জনপ্রতিনিধি দেশকে উপহার দিতে পারব।" অনুষ্ঠানে সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেন, "দুর্বৃত্তায়িতদের বাদ দিলে নেতা পাওয়া সম্ভব না- এটি সত্য নয়। এ ধারণা পোষণ জাতির জন্য অবমাননাকর।" উপদেষ্টা তপন চৌধুরীর উদ্দেশে তিনি বলেন, "পশ্চিম পাকিস্তানিরা যেমন আত্মসমর্পণ করেছিল, তেমনি দেশের মূল দুর্বৃত্তদের আত্মসমর্পণ আমরা নয় মাসের মধ্যে দেখতে চাই।" বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দা মাসুদা খাজার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান, মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সৈয়দ আব্দুল মুক্তাদির, শেখ আখতার উল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এসএনডি/২২০৬ ঘ.