কুড়িগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রৌমারী উপজেলার বড়াইকান্দি বাজারে বেশি দামে সার বিক্রির অভিযোগ পুলিশ ১৬৫ বস্তা ইউরিয়া সার আটক করে গুদাম বন্ধ করে দিয়েছে।
রৌমারী থানার উপ-পরিদর্শক মনতেজার রহমান বলেন, বড়াইকান্দি বাজারের সার ব্যবসায়ী মোজাম্মেল হক, জয়নাল আবেদীন এবং শহিদুল জেলা ও জেলার বাইরে থেকে ইউরিয়া সার এনে শুক্রবার রাতে প্রতি বস্তা সাতশ' টাকায় বিক্রি করছিল। এলাকাবাসী এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সার আটক করার জন্য পুলিশকে নির্দেশ দেন।
এরপর শুক্রবার রাত সাড়ে দশটার দিকে পুলিশ ১৬৫ বস্তা সার আটক করে গুদাম বন্ধ করে দেয় বলে জানান মনতেজার রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৯২৯ ঘ.
bdnews24