যশোর, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোর সেনানিবাস এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করায় বৃহস্পতিবার দুই ভারতীয় নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছে কোনো পাসপোর্ট ছিল না।
সেনাসদস্যরা পরে তাদের কোতয়ালি থানায় সোপর্দ করেন।
আটককৃতরা হচ্ছেন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার কালিগঞ্জ এলাকার মবিন সাহা ও চাওড়া গ্রামের বিজয় কুমার।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মতিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার সেনানিবাস এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সেনা সদস্যরা তাদের আটক করে। ভারতীয় ওই দুই নাগরিকের কাছে কোনো পাসপোর্ট ছিল না। তাদের গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে।"
তিনি জানান, অনুপ্রবেশের অভিযোগে ওই দুইজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএইচবি/২০৫৮ ঘ.
bdnews24