২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় দশজন নিহত

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। চট্টগ্রাম, চাঁদপুর, গোপালগঞ্জ, নওগাঁ ও যশোর থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিরা এসব দুর্ঘটনার খবর জানান। আমাদের চট্টগ্রাম প্রতিবেদক জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চন্দনাইশ থানার দোহাজারী এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রাকের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গেলে এর চালক কামাল উদ্দিন (২৫) ও যাত্রী আব্দুর রহিম (২০) নিহত হন। এ ঘটনায় আহত আরও তিন যাত্রীকে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 02:34 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। চট্টগ্রাম, চাঁদপুর, গোপালগঞ্জ, নওগাঁ ও যশোর থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিরা এসব দুর্ঘটনার খবর জানান। আমাদের চট্টগ্রাম প্রতিবেদক জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চন্দনাইশ থানার দোহাজারী এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রাকের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গেলে এর চালক কামাল উদ্দিন (২৫) ও যাত্রী আব্দুর রহিম (২০) নিহত হন। এ ঘটনায় আহত আরও তিন যাত্রীকে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামগামী একটি ট্রাক সকাল ৬টার দিকে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সিএনজি চালক কামাল নিহত হন। আহত রহিমকে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া, নগরীর পাহাড়তলী রেলক্রসিংয়ের কাছে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ট্রেনের ধাক্কায় আরিফ হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়। তার বাড়ি সীতাকুণ্ডের ছিন্নমূল আবাসিক এলাকায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ার্ড মাস্টার অফিসের দায়িত্বরত কর্মকর্তা আব্দুল খালেক জানান, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় আরিফ হোসেনকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আধাঘণ্টার মধ্যে মারা যায় সে। চাঁদপুর প্রতিনিধি জানান, জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বুধবার রাত ১২টার দিকে একটি মোটর সাইকেল উল্টে গেলে চালক মো. সালাউদ্দিন চৌধুরী রবিন (২২) নিহত ও আরোহী তার দুই বন্ধু আহত হন। রবিনের বাড়ি হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামে। আহতরা হলেন, রইসুল ইসলাম সাগর (২১) ও সালাউদ্দিন বাবলু (২০)। নিহতের বাবা মো. ওমর ফারুক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার শবে বরাতের রাতে রবিন তার দুই বন্ধু সাগর ও বাবলুকে নিয়ে মোটর সাইকেলে যাচ্ছিল। পশ্চিম বাজার চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ভ্যান গাড়িকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনায় আহতদের প্রথমে হাজীগঞ্জ ইসলামিয়া মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। রবিন ও সাগরের অবস্থা খারাপ হতে থাকলে পরে তাদের পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার সকাল নয়টার দিকে রবিন মারা যায়। এদকে, বৃহস্পতিবার সকালে কচুয়া-ঢাকা সড়কের আকানিয়ায় কচুয়া থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স রাস্তার পাশে সোহাগ (১০) ও শারমিন (৮) নামে দুই শিশুকে চাপা দিয়ে পুকুরে পড়ে যায়। আহত শিশুদের উদ্ধার করে কচুয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না বলে পুলিশ জানায়। এর চালক ও হেলপার পালিয়ে গেছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত শিশুদের বাড়ি আকালিয়া গ্রামে। নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দায় বৃহস্পতিবার ভোরে ট্রাক ও যাত্রীবাহী ভটভটির মুখোমুখী সংঘর্ষে ভুটভটি চালক বিরেন ঋষি (৪০) ও যাত্রী খাদেমুল ইসলাম (২৫) নিহত এবং চার যাত্রী গুরুতর আহত হন। বিরেন ঋষি মান্দার ভারশো গ্রামের লালু ঋষির ছেলে ও খাদেমুল ইসলাম মান্দার পাকুরিয়া গ্রামের জান বক্সের ছেলে। আহত আজিজুর রহমান (৪০), রেজাউল ইসলামসহ (২৫) অজ্ঞাতনামা দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস ফকির বলেন, ভোরে নওগাঁগামী ভটভটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হন। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, জেলা শহরের বেদগ্রাম বাস্টস্ট্যান্ডে বৃহস্পতিবার বিকেলে বাসচাপায় তরিকুল মোল্লা নামে সাত বছরের এক শিশু মারা গেছে। সদর থানার উপ-পরিদর্শক মাসুদুল হক বলেন, রাস্তার পারাপারের সময় প্রথম শ্রেণীর ছাত্র তরিকুল মোল্লাকে একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তরিকুল শহরের নিচুপাড়া এলাকার কবির মোল্লার ছেলে। যশোর প্রতিনিধি জানান, যশোর নড়াইল সড়কের চাড়া ভিটা এলাকায় বৃহস্পতিবার একটি নসিমন খাদে পড়ে গেলে ইয়াজ উদ্দিন নামে এক কনস্টেবল নিহত হন। তার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কোর্ট পাড়া এলাকায়। তিনি বাঘার পাড়া উপজেলার ভিটা বল্লা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বাঘার পাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ইয়াজ উদ্দিন বৃহস্পতিবার ভোরে দায়িত্বপালন শেষে নসিমনে চড়ে ফাঁড়িতে ফিরছিলেন। পথে চাকা ফেটে নসিমনটি খাদে পড়ে যায়। গুরুতর আহত ইয়াজ উদ্দিনকে বাঘার পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এমএআর/এসএনডি/২০২৯ ঘ.