ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী, তার স্ত্রী এবং দুই ছেলের বিরুদ্ধে মামলায় রায় দেয়া হবে আগামী ২০ সেপ্টেম্বর।
বুধবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শোনার পর রায় দেওয়ার এ দিন ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে গত ২৭ মার্চ কমিশন মঞ্জুরুল আহসান মুন্সী, তার স্ত্রী মাজেদা আহসান, দুই ছেলে রেজাওনুল আহসান ও রিজভিওল আহসানের বিরুদ্ধে কমিশনের উপ-সহকারি পরিচালক আবু সাঈদ গুলশান থানায় মামলা দায়ের করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পত্তি অর্জন করেছেন।
এদিকে কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে সাবেকমন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার রায় দেওয়া হবে আগামী ২ সেপ্টেম্বর। বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এ তারিখ ধার্য করেন।
আসামি আফরোজা পলাতক রয়েছেন।
গত ৫ আগস্ট চার কোটি ৬৭ লাখ ৯৫ হাজার ৬'শ এবং ১১ লাখ ৫৮ হাজার ৭'শ টাকার সম্পত্তির জন্য প্রযোজ্য কর ফাঁকি দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার নুরুল আমিন আলাদা দুইটি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৮১৪ঘ.
bdnews24