ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত পাঁচ জেলার চর জীবিকায়ন প্রকল্পের সুবিধাভোগী ১৫০০ পরিবারকে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
এসব পরিবার থেকে একজন করে সদস্যকে বাছাই করে কারিগরী প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন তৈরি পোশাক কারখানায় চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আনোয়ারুল ইকবাল তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "মঙ্গাপীড়িত ১৫০০ পরিবার থেকে ১৫০০ জনকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। এর ব্যয় বহন করবে দাতা সংস্থা ডিএফআইডি।"
আগামী ১৫ অক্টোবর থেকে বগুড়ায় এ প্রশিক্ষণ শুরু হবে জানিয়ে উপদেষ্টা বলেন, "এ জন্য পল্লী উন্নয়ন ও সমবায় সচিব নজরুল ইসলামকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটি চূড়ান্ত সুপারিশমালা দেবে।"
আনোয়ারুল ইকবাল জানান, যমুনা তীরবর্তী গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও জামালপুর জেলার চর জীবিকায়ন প্রকল্পের সুবিধাভোগী পরিবারগুলোকে বর্তমানে বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে সহযোগিতা করা হচ্ছে। সরকার এখন এসব পরিবারকে স্বনির্ভর করে তোলার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, "দেশে গার্মেন্টস শিল্পে দক্ষ শ্রমিকের সঙ্কট রয়েছে। এজন্য যুব উন্নয়ন অধিদপ্তর ও শ্রম মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে গার্মেন্টস সংশ্লিষ্ট প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল সৃষ্টি করে তাদেরকে কাজে লাগানো হবে।"
স্থানীয় সরকা উপদেষ্টা এর আগে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে তৈরি পোশাক কারখানার মালিকরা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষিত জনবলকে তাদের কারখানায় চাকরি দেওয়ার ব্যাপারে সম্মতির কথা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৪১০ ঘ.
bdnews24