ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে ভিন্নমত প্রকাশ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, বর্তমান সরকার 'সেনাবাহিনী সমর্থিত নয় বরং একটি তত্ত্বাবধায়ক সরকার'।
মঙ্গলবার গাজীপুরে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান একথা বলেন।
আইন ও তথ্য উপদেষ্টা মইনুল হোসেন সোমবার ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে মতবিনিময়ের সময় বর্তমান সরকারকে 'সেনাবাহিনী-সমর্থিত জাতীয় সরকার' বলে আখ্যায়িত করেন।
কিন্তু মঙ্গলবার সাংবাদিকদের জেনারেল মইন বলেন,"আমি এমনটা মনে করিনা। এটি হল তত্ত্বাবধায়ক সরকার। সেনাবাহিনী সরকারেরই একটি অংশ এবং আমরা (সেনাবাহিনী) সরকারের সঙ্গে আছি।"
সেনাবাহিনী পরবর্তীতে নির্বাচিত সরকারের পাশেও থাকবে বলে মইন আশ্বাস দেন।
সেনাবাহিনীর ব্যবহৃত উন্নতমানের জুতা, বেল্ট ও অন্যান্য চামড়াজাত পণ্যের প্রস্তুতপ্রণালী দেখার জন্য তিনি বিএমটিএফ এ যান। বিএমটিএফ এর কর্মকর্তারা জানান, তাইওয়ানের কোম্পানি সফ্ট মিলিটারি বুটস কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিএমটিএফ এর পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।
সেনাবাহিনী প্রধান তৈরী পোশাক শিল্পের নূন্যতম মজুরি নিয়েও কথা বলেন। তৈরী পোশাক শিল্পের ত্রিপক্ষীয় চুক্তির বিষয়ে তিনি বলেন,"ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী শ্রমিকদের নূন্যতম মজুরি দিতে সরকার শিল্পের মালিকদের চাপ দিচ্ছে। শ্রমিকদের অবশ্যই নূন্যতম মজুরি প্রদান করা উচিত।"
নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও এসময় জেনারেল মইনের সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এসকে/১৫৪২/ঘ.
bdnews24