ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।
১৫ দিনের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা।
বেইলি রোডের সার্কিট হাউজে তদন্ত কমিশনের প্রধান বিচারপতি হাবিবুর রহমান খান সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল পাচটা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করা হবে। তবে প্রয়োজনে আরও বেশি সময় পর্যন্ত সাক্ষ্য নেওয়া হবে।"
বিচারপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রতক্ষ্যদর্শী যে কারও সাক্ষ্য গ্রহণ করা হবে।
এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান জানান, সাক্ষ্য দিতে আসা লোকজন যাতে হয়রানির শিকার অথবা গ্রেপ্তার না হন সে বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি চেষ্টা করবেন।
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা সাক্ষ্য দিতে আসতে না পারায় তদন্তে সমস্যা হবে কিনা -সে প্রসঙ্গে বিচারপতি বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাতে সাক্ষী পাওয়ার সম্ভাবনা কম। এ বিষয়টা তিনি সরকারকে জানাতে পারেন বলে জানান বিচারপতি খান ।
তদন্ত কমিশনের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে কিনা সেটা সরকার বিবেচনা করবে জানিয়ে হাবিবুর রহমান বলেন, তিনি মনে করেন প্রতিবেদন প্রকাশ করা ভাল। এ বিষয়ে সরকারকে সুপারিশ করবেন বলে তিনি জানান।
অতীতে এ ধরণের তদন্ত কমিশনের বিচারকাজ তিনি করেছেন উল্লেখ করে হাবিবুর রহমান জানান, সেসময় সাক্ষীরা স্বেচ্ছ্য়া সাক্ষ্য দিতে বেেসছে। কিন্তু এবার কি পরিমাণ সাড়া পাওয়া যাবে তা নিয়ে তার সশংয় রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/আরএ/এসকে/১৪৩৬ ঘ.
bdnews24