ঢাকা,আগস্ট ২৭ (বিডিনিউজট টুয়েন্টিফোর ডটকম)-- ছবিসহ ভোটার তালিকা তৈরিতে নির্বাচন কমিশনকে প্রায় ৫০দশমিক ৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ ৩৪৫ কোটি টাকার অর্থ সাহায্য দেবে উন্নয়ন সহযোগীরা।
প্রকল্পের মোট ব্যয় ৮৪দশমিক ৭ মিলিয়ন ডলার যার মধ্যে বাংলাদেশ সরকার নিজে দেবে ৩৪ দশমিক ৩ মিলিয়ন ডলার।
সোমবার ইউএনডিপি এবং বাংলাদেশ নির্বাচন কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে এ ব্যাপারে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পরিচালিত 'প্রিপারেশন অব ইলেকটোরাল রোল উইথ ফটোগ্রাফ (পিইআরপি) প্রকল্পে উন্নয়ন সহযোগী ইউরোপীয় কমিশন, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, ইউএনডিপি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, ডেনমার্ক ও দক্ষিণ কোরিয়া সমন্বিত উদ্যোগে এ অর্থ সাহায্য দেবে।
সোমবার ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউএনডিপির এই প্রকল্পে নির্বাচন কমিশনকে ছবিসহ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে কারিগরি সহযোগিতাসহ ল্যাপটপ, ওয়েবক্যাম ও আঙ্গুলের ছাপ নেয়ার যন্ত্র কেনার জন্য এ অর্থ ব্যয় করা হবে। এ ছাড়া প্রকল্পটির মাধ্যমে নিয়মিত ভোটার তালিকা পরিবর্তন ও পরিবর্ধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১৬২৭ঘ.
bdnews24