২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার জামিন স্থগিত, সম্পত্তির হিসাবও দিতে হবে

দু'টি চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জামিন, মামলার কার্যক্রম ও সম্পত্তির হিসাব চেয়ে দুদক নোটিশের কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে সুপ্রিমকোর্ট। আগামি সাত দিনের মধ্যে শেখ হাসিনাকে তাঁর সম্পত্তির হিসাব দুদকে জমা দেওয়ারও নির্দেশ দেয়া হয়েছে। হাইকোর্টে বিচারাধীন শেখ হাসিনার এ তিনটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর জামিন স্থগিত থাকবে। সর্বোচ্চ আদালতের এ আদেশের ফলে শেখ হাসিনার আপাতত কারামুক্তি ঘটছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 04:14 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দু'টি চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জামিন, মামলার কার্যক্রম ও সম্পত্তির হিসাব চেয়ে দুদক নোটিশের কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে সুপ্রিমকোর্ট। আগামি সাত দিনের মধ্যে শেখ হাসিনাকে তাঁর সম্পত্তির হিসাব দুদকে জমা দেওয়ারও নির্দেশ দেয়া হয়েছে। হাইকোর্টে বিচারাধীন শেখ হাসিনার এ তিনটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর জামিন স্থগিত থাকবে। সর্বোচ্চ আদালতের এ আদেশের ফলে শেখ হাসিনার আপাতত কারামুক্তি ঘটছে না। এছাড়া আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী নূর আলী ও ব্যবসায়ী আজম চৌধুরীর দায়ের করা পৃথক দু'টি চাঁদাবাজি মামলা জরুরি ক্ষমতা আইনেই চলবে। সোমবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে ছয় বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারের তিনটি লিভ টু আপিল নিস্পত্তি করে রিট তিনটি হাইকোর্টে চূড়ান্ত নিস্পত্তির পদক্ষেপ নিতে উভয় পক্ষকে নির্দেশ দেন। (আরো তথ্যসহ ) আদালতের এ আদেশের বিষয়ে সরকার পক্ষের প্রধান কৌসুলী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল এবং শেখ হাসিনার পক্ষের প্রধান কৌসুলী ব্যারিস্টার রফিক উল হক মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে শেখ হাসিনার পক্ষের অপর কৌসুলী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, "শেখ হাসিনার পক্ষে হাইকোর্টের দেয়া আদেশগুলো স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। এছাড়া, শেখ হাসিনাকে সাত দিনের মধ্যে দুদকে সম্পত্তির হিসাব জমা দিতে বলেছে আদালত।" হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আপিল অনুমতির আবেদন লিভ টু আপিল গ্রহণ করেনি সুপ্রিমকোট- এ মন্তব্য করে অ্যাডভোকেট আহসানুল করিম বলেন "হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আপিল করার কোন সুযোগ রইল না।" শেখ হাসিনার অপর কৌসলী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সাংবাদিকদের বলেন, "সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার রিট তিনটি চূড়ান্ত শুনানির জন্য পদক্ষেপ নেয়া হবে। আজই (সোমবার) হাইকোর্টের সংশ্লিষ্ট শুনানির জন্য আবেদন (মেনশন) জানানো হবে। আমরা আদালতে ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী।" অ্যাডভোকেট খসরু বলেন, শেখ হাসিনার সম্পত্তির হিসাব জমা দেয়ার জন্য আপিল বিভাগের বেধে দেয়া সাত দিনের মধ্যেই এ হিসাব জমা দেয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী শেথ হাসিনাকে গত ১৬ জুলাই তাঁর সুধা সদনের বাসভবন থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ব্যবসায়ী আজম চৌধুরীর দায়ের করা তিন কোটি টাকা চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি সেদিনই কিছু পরে জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে সরকার। এর বৈধতা নিয়ে শেখ হাসিনা ২৯ জুলাই হাইকোর্টে রিট মামলা দায়ের করেন। ওই দিনই তাকে ব্যবসায়ী নূর আলীর দায়ের করা প্রায় পাঁচ কোটি টাকার চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলাটিও ১৬ জুলাই জরুরি ক্ষমতা আইনে নেয়া হয়। এর বৈধতা নিয়ে শেখ হাসিনা হাইকোর্টে পৃথক রিট আবেদন করেন। ৩০ জুলাই হাইকোর্ট আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলায় শেখ হাসিনাকে অন্তবর্তী জামিন দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করে দেন। এ আদেশ স্থগিতের জন্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্ট ২ আগস্ট তা সাময়িকভাবে স্থগিত করে । এ দিকে হাইকোর্ট ব্যবসায়ী নূর আলীর মামলায় শেখ হাসিনাকে ৭ আগস্ট জামিন মঞ্জুর করে মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছিল। একই দিন হাইকোর্ট সম্পত্তির হিসাব চেয়ে দুদকের নোটিশের কার্যক্রমও স্থগিত করে দেয়। হাইকোর্টের এ দু'টি আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিমকোর্টে লিভ টু আপিল দায়ের করে। এ তিনটি লিভ টু আপিল আবেদনের ওপর উভয়পক্ষে তিনদিন শুনানি গ্রহণ শেষে সোমবার রায় দেন আদালত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮২৫ঘ.