ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বোর্ডে জিপিএ-৫ পাওয়াদের মধ্যে শীর্ষ দশে মহানগরীর নয়টি প্রতিষ্ঠান স্থান পেলেও পাশের হারের দিক দিয়ে শীর্ষ দশে ঢাকার বাইরের পাঁচটি প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হল গাজীপুর সদর উপজেলার এম ই এইচ আরিফ কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ, কিশোরগঞ্জের বাজিতপুরের আফতাব উদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও গাজীপুরের টঙ্গীর শফিউদ্দিন সরকার অ্যাকাডেমী অ্যান্ড কলেজ।
ঢাকা বোর্ডে পাশের হারের দিক থেকে শীর্ষস্থানটি ঢাকার ডেমরার শামসুল হক খান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। যে সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর সংখ্যা ৪০ এর কম নয় সেগুলোর মধ্যে ডেমরার এই প্রতিষ্ঠানটি শীর্ষে। প্রতিষ্ঠানটিতে ৮১ জন অংশ নিয়ে ৮১ জনই পাশ করেছে।
দ্বিতীয় স্থান গাজীপুর সদর উপজেলার এম ই এইচ আরিফ কলেজের। এই কলেজে ৭৩ জন অংশ নিয়ে সবাই পাশ করেছে।
তৃতীয় স্থান অধিকারী ঢাকার মিরপুরের এফএম ইন্টারন্যাশনাল কলেজের ৬৫ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে।
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ আছে চতুর্থ স্থানে। এখানে ৫৯ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে।
পঞ্চম স্থানে আছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ। তাদের ৫১ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে।
ষষ্ঠ স্থান অধিকারী কিশোরগঞ্জের বাজিতপুরের আফতাব উদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৪৪ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে।
পাশের দিক দিয়ে ঢাকা কমার্স কলেজ সপ্তম স্থান লাভ করেছে। তারা ঢাকা বোর্ডে জিপিএ- ৫ পাওয়ার ক্ষেত্রেও সপ্তম। কমার্স কলেজে ১৫০৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৫০০ জন। পাশের হার ৯৯ দশমিক ৬৭।
অষ্টম স্থান টঙ্গীর শফিউদ্দিন সরকার অ্যাকাডেমী অ্যান্ড কলেজের। প্রতিষ্ঠানটিতে ২৫৮ জন অংশ নিয়ে ২৫৭ জন বা ৯৯ দশমিক ৫৯ শতাংশ পাশ করেছে।
নবম স্থান লাভ ঢাকার হলিক্রস কলেজের। ৭৩০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৭২৭ জন বা ৯৯ দশমিক ৫৯ শতাংশ পাশ করেছে এই কলেজে। হলিক্রস কলেজ জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ঢাকা বোর্ডে পঞ্চম স্থান অধিকার করেছে। তাদের ২৩৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
দশম স্থান অধিকারী ঢাকার ফার্মগেটের আইডিয়াল কমার্স কলেজের ২১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৭ জন বা ৯৯ দশমিক ৫৪ শতাংশ পাশ করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/১৯৩১ ঘ.
bdnews24