২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার চৌধুরীর ওপর হামলার মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে গ্রেনেড হামলার আলোচিত দুটি মামলার সাক্ষ্য গ্রহণ পৃথক দুটি আদালতে রোববার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 11:17 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

সিলেট, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে গ্রেনেড হামলার আলোচিত দুটি মামলার সাক্ষ্য গ্রহণ পৃথক দুটি আদালতে রোববার শুরু হয়েছে। মামলার চার আসামি মুফতি হান্নান, বিপুল, রিপন ও মফিজ ওরফে মহিবুল্লাহর উপস্থিতিতে দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দীপ্যমান সরকার এর আদালতে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রোববার সাক্ষ্য দেন ঘটনার দিন মাজারে দায়িত্বপালনকারী পুলিশ কনস্টেবল শামসুজ্জামান। দ্রুত বিচার ট্রাইব্যুনালে আগামী ৩০ আগস্ট পর্যন্ত মামলার সাক্ষ্য গ্রহণ চলবে বলে স্পেশাল পিপি ফখরুদ্দিন আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। এরপর অস্ত্র ও বিস্ফোরক দ্রবাদি সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র ও বিস্ফোরক মামলায় শামসুজ্জামানের সাক্ষ্য নেওয়া হয় বলে জানান ওই আদালতের সরকারি কৌঁসুলী এপিপি ফয়জুর রহমান জাহেদ। ২০০৪ সালের ২১ মে সিলেট শাহজালালের মাজারে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরীসহ অর্ধশত লোক আহত এবং একজন পুলিশ কর্মকর্তাসহ তিন জন নিহত হন। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় মামলা হলে তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ওপর ন্যস্ত হয়। সিআইডির সহকারী উপ-পরিদর্শক (এএসপি) মুন্সি আতিকুর রহমান মামলার তদন্ত শেষে হামলার জন্য ইসলামি জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদকে (হুজি) দায়ী করে প্রতিবেদন দাখিল করেন। এরপর গত বছরের ৩ সেপ্টেম্বর হরকাতুল জিহাদের সিলেট অঞ্চলের সংগঠক শরিফ শাহেদুল আলম ওরফে বিপুল, দেলোয়ার হোসেন রিপন ও মফিজুর রহমান মফিজকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২০০৫ সালের ১ অক্টোবর ঢাকায় হরকাতুল জিহাদ একাংশের নেতা মুফতি আবদুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। বিপুল গত বছরের ১৬ অক্টোবর সিলেটের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেনেড হামলার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। একই বছরের ১৯ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মুফতি হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আনোয়ার চৌধুরীর ওপর হামলার জন্য গ্রেনেড সরবরাহ করার কথা স্বীকার করে। এ ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে গত ৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা মুন্সি আতিকুর রহমান সিলেটের এক নম্বর আমলি আদালতে দুটি অভিযোগপত্র দাখিল করেন। একটি বিস্ফোরক আইনে এবং অপরটি হত্যা মামলা হিসেবে। তাতে মুফতি হান্নান, বিপুল, রিপন ও মফিজকে অভিযুক্ত করা হয়। এর পর গত ৩১ জুলাই চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৪ ঘ.