ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২৬ আগস্ট, রোববার ফুলবাড়ি দিবস। গত বছর এই দিনে দিনাজপুরের ফুলবাড়ি কয়লা খনির বিরুদ্ধে সেখানে হাজার হাজার মানুষ আন্দোলনে নামে।
তাদের দাবি ছিলো, ফুলবাড়ি কয়লা খনির নামে এলাকাবাসীকে জমি-জমা ও বসতবাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না; উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণ করা যাবে না। এক পর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ জনতার ওপর গুলি বর্ষণ করলে অন্তত তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অনেকে।
সরকারের পক্ষ থেকে আন্দোলনরত শত শত মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়। ফুলবাড়ি হত্যাকাণ্ডের বিরুদ্ধে সেখানের সাধারণ মানুষ ঢাকা-দিনাজপুর মহাসড়ক ও রেললাইন বন্ধ করে দিয়ে গড়ে তোলে সংঘবদ্ধ অবরোধ। বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের কানসাটের পর ফুলবাড়িতে আবারো ব্যাপক সংখ্যক গ্রামীণ নারী রাজপথে নামেন। এক সময় পুলিশও আন্দোলনকারী জনতার সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য হয়।
অবশেষে ৩০ আগস্ট আন্দোলনরত তেল-গ্যাস-বিদ্যূত-বন্দর রক্ষা জাতীয় কমিটির সঙ্গে সরকারের পক্ষে রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুর চুক্তি স্বাক্ষর হয়। সে চুক্তির মূল কথা হচ্ছে, ফুলবাড়ি থেকে এশিয়া এনার্জিকে প্রত্যাহার করা হবে। বন্ধ করা হবে সেখানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণের প্রক্রিয়া।
সমঝোতার আলোকে নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়া, নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ, মামলা প্রত্যাহারের দাবিগুলো পূরণ হয়।
ফুলবাড়ি আন্দোলনের অন্যতম সংগঠক সাইফুল ইসলাম জুয়েল শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সে সময় প্রায় ২০০ আহত মানুষকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ আহত ১৬ জনকে সরকারের পক্ষ হতে সর্বমোট ৭ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। নিহত তিন জনের পরিবারকে ২ লাখ টাকা করে দেওয়া হয়। এছাড়া দোকান ঘর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি বাবদ দেওয়া হয় ১ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা। স্মৃতিসৌধ নির্মাণ বাবদ দেওয়া হয় ৪ লাখ টাকা।
আন্দোলনে নিহত সালেকীনের বাবা হাসেন আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ছেলে আমাদের বসত ভিটার মাটি রক্ষায় জীবন দিয়েছে। ফুলবাড়িকে রক্ষা করেছে এবং ফুলবাড়ি থেকে এশিয়া এনার্জিকে বিতাড়িত করেছে। ফুলবাড়ির মাটিতে আবারও যদি উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের চেষ্টা করা হয় তাহলে আগামীতেও আমরা তা প্রতিহত করব।"
ফুলবাড়ি দিবস উপলক্ষে আন্দোলন কমিটির উদ্যোগে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, শোক সভা ও শোক মিছিলসহ নানা কর্মসূচির জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কেবল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান সাইফুল আলম জুয়েল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিআর/এমআই/২০২৪ ঘ.
bdnews24