চট্টগ্রাম আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড পৌরসভায় গত দুই দিনে ৩৪৮৬ জনের ছবিসহ ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে।
শনিবার সকাল ১০টায় সীতাকুণ্ডে ভোটার তালিকার নিবন্ধনের কাজ পরিদর্শন করেন সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল আবদুল মোবিন। এ সময় তাকে ভোটার তালিকার কাজের অগ্রগতি সম্পর্কে জানান সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তোফায়েল আহমেদ।
পরিদর্শন শেষে মেজর জেনারেল আবদুল মোবিন ভোটার তালিকার কাজের অগ্রগতির বিষয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, "সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতায় এ কার্যক্রম সফলভাবে এগিয়ে চলছে। জনগণ ভোটার আইডি কার্ড নিতে আগ্রহী। এ আগ্রহ বজায় থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আমরা এ কার্যক্রম শেষ করতে পারব।"
সীতাকুণ্ড পৌরসভার নয়টি ওয়ার্ডের ১৭টি রেজিস্ট্রেশন কেন্দ্রে এ কাজ চলছে। নির্ধারিত সময়সীমা ৭ সেপ্টেম্বরের মধ্যে পৌর এলাকার প্রাপ্ত বয়স্ক সকলের ছবিসহ ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শেষ করার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার থেকে সীতাকুণ্ড পৌরসভায় ছবিসহ ভোটার তালিকা নিবন্ধনের কাজ শুরু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৭২৪ ঘ.
bdnews24