কুষ্টিয়া, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের গোরপাড়া গ্রামে শনিবার ভোররাতে পুলিশ-চরমপন্থী বন্দুকযুদ্ধের সময় 'ক্রসফয়ারে' পড়ে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নাম আনিসুর রহমান আনিস(৩৮)। তার বাড়ি গোরপাড়া গ্রামে। পুলিশের দাবি, তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক নেতা ছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোরপাড়া গ্রামের আব্দুল হকের বাড়িতে 'চরমপন্থীরা' বৈঠক করছে- গোপন সূত্রে এ খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। ওই সময় বাড়ির ভেতরে অবস্থানকারী 'চরমপন্থীরা' পুলিশকে লক্ষ করে গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর 'চরমপন্থীরা' পালিয়ে যায়।
পরে বাড়ির ভেতরে আনিসের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় বলে পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান জানান। ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও বন্দুকের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
লাশটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আনিসের বিরুদ্ধে ছয়টি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৬ ঘ.
bdnews24