ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের সঙ্গে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা ব্যবস্থা বুধবার রাত ১টা থেকে বিপর্যস্ত হয়ে পড়ে। সাবমেরিন ক্যাবল লিঙ্কে 'নাশকতা' এর কারণ বলে দাবি করেছেন বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
ক্ষতিগ্রস্ত ফাইবার অপটিক লাইনে মেরামত শেষে প্রায় ১৯ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে সাতটায় সংযোগ আবার চালু হয়েছে।
বর্হিবিশ্বের সঙ্গে বাংলাদেশের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দেশে ও দেশের বাইরে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
বিটিটিবির বিভাগীয় প্রকৌশলী আমিনুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম মহানগরী থেকে ৭৯ কিলোমিটার দূরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতী এলাকায় ভূ গর্ভস্থ ফাইবার অপটিক ক্যাবল দু'স্থানে কেটে ফেলা হয়েছে।"
ট্রান্স ন্যাশনাল এসইএ-এমই-ডব্লিউইফোর সাবমেরিন ক্যাবলের বাংলাদেশে ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে। সেখান থেকে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাশ দিয়ে যাওয়া ভূগর্ভস্থ ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে ঢাকায় বিটিটিবির আন্তর্জাতিক এক্সচেঞ্জে সংযোগ দেওয়া হয়েছে।
বিটিটিবির নিরাপত্তা ও তদারকি বিভিাগের মহাব্যবস্থাপক লেফটেন্যান্ট কর্নেল জিয়া সফদার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা নিছক দুর্ঘটনা নয় বলে মন্তব্য করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মহাসড়কের রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা মাঝে মধ্যে অসাবধানতাবশত অপটিক্যাল ফাইবার কেটে ফেলেন। সাধারণত এ ধরনের ঘটনাকে আমরা দুর্ঘটনা বলে থাকি। কিন্তু এক্ষেত্রে কিছু অজ্ঞাত দুর্বৃত্ত সড়কের পাশে অল্প দূরত্বে দুটি জায়গায় গর্ত খুড়ে ক্যাবল কেটে ফেলেছে।"
এ ঘটনাকে দুর্ঘটনা প্রমাণের জন্য দুর্বৃত্তরা আশপাশে আরও কতগুলো গর্ত খুড়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল জিয়া সফদার।
অবশ্য দেশের সা
bdnews24