ঢাকা,আগস্ট ২২(বিডিনিউজ টুয়েনিস্টফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আহুত অনির্দিষ্টকালের ধর্মঘটে বুধবার সকাল থেকে পুরান ঢাকা উত্তপ্ত হয়ে উঠে। ছাত্রদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংর্ঘষ হয়।
বিক্ষুব্ধ ছাত্ররা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা ও মহানগর মুখ্য আদালতের পুরাতন ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাঁচ ভাঙচুর করে। তারা সদরঘাট পুলিশ বক্সেও হামলা চালায়। একই সঙ্গে নয়াবাজারের মোড়ে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়।
জনসন রোডে পুলিশ ক্লাবে ছাত্ররা হামলা চালায় এবং ক্লাবের কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করে। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পুরান ঢাকা এলাকায় বিক্ষুব্ধ ছাত্ররা দুই শতাধিক গাড়ি ভাঙচুর করে। তারা অর্ধশতাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এসব ঘটনায় পথচারি ও যানবাহনের যাত্রীরা আহত হয়েছে। পুৃলিশের সঙ্গে ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ ও লাঠিচার্জে ২০/২৫ জন ছাত্র ও পুলিশ আহত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে কবি নজরুল কলেজের ছাত্ররাও যোগ দেয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট চলাকালে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। সকাল সাড়ে ১০টা থেকে ছাত্ররা উপাচার্য ভবনের সামনে জড়ো হতে থাকে। এরপর তারা মিছিল করে সড়কের গাড়ি ভাংচুর শুরু করে। এ সময়ে পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করলে সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
ছাত্ররা সদরঘাট বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা ব্যাংকের সাইনবোর্ডে ভেঙে ফেলে।
ব্যাংকের পাশে পুলিশ ফাঁড়িতেও ছাত্ররা হামলা চালায়। এতে পুলিশের গাড়ি চালক সোহাগ ও এএসআই মঞ্জুৃরুল ইসলাম ইটের আঘাতে আহত হয়। এখানে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের আঘাতে কয়েকজন ছাত্র আহত হয়।
দুপুর সাড়ে ১১টা থেকে সদরঘাট, তাঁতীবাজার, আদালত, নয়াবাজার সড়ক ছাত্ররা দখল করে নেয়। ফলে এই এলাকার সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ ছাত্ররা পুরনো টায়ারে আগুন ধরিয়ে সড়কগুলো অবরুদ্ধ করে রাখে।
আমাদের আদালত প্রতিবেদক প্রকাশ চন্দ্র বিশ্বাস ঘটনাস্থল থেকে জানান, সকাল সাড়ে ১১টা থেকে আদালতে প্রাঙ্গনে পুলিশ ও ছাত্রদের সংঘর্ষ হয়। পুলিশ আদালত প্রাঙ্গনেও লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
বিক্ষুব্ধ ছাত্ররা গাড়ি ভাংচুর করেছে। মুখ্য মহানগর হাকিম আদালতের পুরান ভবনে জানালার কাঁচগুলো ছাত্রদের ইটের আঘাতে ভেঙে গেছে। আদালতের বিচার কাজ সাময়িকভাবে বন্ধ আছে। তিনি আরো জানান, বুধবার কারাগার থেকে আসামীদের নিয়ে কোনো প্রিজন ভ্যান আসেনি।
মিটফোর্ড মেডিকেল কলেজেও ছাত্ররা ক্লাস বর্জন করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এসকে/১৪১৮ ঘ.
bdnews24