২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিএম কলেজে বিক্ষোভ, তিন পুলিশ আহত

বরিশাল বিএম কলেজ ক্যাম্পাসে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেছে। ক্যাম্পাসের পুলিশ ক্যাম্পেও হামলা চালিয়েছে তারা। আহত হয়েছেন তিন পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 08:06 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

বরিশাল, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বরিশাল বিএম কলেজ ক্যাম্পাসে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেছে। ক্যাম্পাসের পুলিশ ক্যাম্পেও হামলা চালিয়েছে তারা। আহত হয়েছেন তিন পুলিশ। কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম জানান, ক্যাম্পাসে অবস্থানকারী পাঁচ পুলিশের মধ্যে তিনজন ছাত্রদের হামলায় আহত হয়েছেন। এরা হলেন উপ-পুলিশ পরিদর্শক ধীরেন্দ্রনাথ বিশ্বাস, কনস্টেবল আব্দুল বারেক ও কনস্টেবল সরওয়ার হোসেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিএম কলেজের অস্থায়ী ক্যাম্প থেকে পাঁচ পুলিশ সদস্য আত্মরক্ষার্থে থানায় পালিয়ে এসেছেন। বিএম কলেজের অধ্যক্ষ ড. সিরাজ উদ্দিন আহমেদ রাতে টেলিফোনে বলেন, "আমি এখন অবরুদ্ধ। বাসার চারদিক থেকে সমানে ইট পাটকেল নিক্ষেপ করছে। কলেজের শিক্ষকরা থানায় যোগাযোগ করেছেন।" সমাজকল্যাণ বিভাগের প্রধান মজিবুর রহমান জানান, অধ্যক্ষ তার ঘরে অবরুদ্ধ হয়ে আছেন। ছাত্ররা অধ্যক্ষের ভবন লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করছে। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, প্রায় সাত আটশ ছাত্র বিক্ষোভে অংশ নিয়েছে। ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী ছাত্ররা কলেজের ভেতর থেকে বিক্ষোভ শুরু করে। এরপর তারা কলা, বাণিজ্য, বিজ্ঞান, শিক্ষক ভবন, অডিটরিয়াম ও অধ্যক্ষের বাসভবন লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করেছে। এতে বিভিন্ন ভবনের কাচ ও আসবাবপত্র ভেঙ্গে গেছে। কলেজের শ্রেণীকক্ষ থেকে আসবাবপত্র বের করে তারা রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেয়। এতে রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০১৫৫ ঘ.