চাঁদপুর, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার ধেররা এলাকায় মঙ্গলবার সকালে বাসের চাপায় তানভির (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ খান জানান, তানভীর রাস্তা পার হওয়ার সময় চাঁদপুর থেকে রামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তানভীরের বাড়ি শরীয়তপুর জেলার ডুমুরিয়া থানার শীতলপুর গ্রামে। তার বাবার নাম আল মামুন গাজী।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ফরিদ আহমেদ খান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৫০০ ঘ.
bdnews24