২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের কৃষি ঋণের সুদ মওকুফ করেছে সোনালী ব্যাংক

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণের সুদ মওকুফের ঘোষণা দিয়েছে। সোমবার বিকেলে মতিঝিলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান সুদ মওকুফের এ ঘোষণা দেন। একইসঙ্গে তিনি বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে ছয়শ' ২৫ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 04:40 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণের সুদ মওকুফের ঘোষণা দিয়েছে। সোমবার বিকেলে মতিঝিলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান সুদ মওকুফের এ ঘোষণা দেন। একইসঙ্গে তিনি বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে ছয়শ' ২৫ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। আমিনুর রহমান বলেন, ''বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বল্প সময়ের মধ্যে আমনসহ অন্য ফসল উৎপাদনের জন্য ঋণ দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন রবিশস্য ও বোরো ফসলের পাশাপশি গবাদি পশু, হাঁস-মুরগি ও ছাগল পালন এবং সামাজিক বনায়ন খাতেও ঋণ বিতরণ করা হচ্ছে।'' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণের সুদ মওকুফ করা হবে। এক্ষেত্রে কৃষকদের সুদ মাফ চেয়ে স্থানীয় শাখায় আবেদন করতে হবে। একইসঙ্গে খেলাপি কৃষকরা ঋণ পুনঃতফসিল করে নতুন ঋণ নেওয়ার সুযোগ পাবেন।'' সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী বলেন, ''গত অর্থবছরে সোনালী ব্যাংকের কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। বিভিন্ন অস্থিরতার কারণে গত বছর কৃষকরা ঋণের জন্য তেমন আবেদন না করাই এর কারণ।'' এবার ঋণ বিতরণে কোনো ধরনের অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না জনিয়ে তিনি বলেন, "কোনো শাখার কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।'' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২২৩৯ ঘ.