২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ

সদর উপজেলার টেবুনিয়া বাজারে সোমবার সার না পেয়ে বিক্ষুব্ধ হাজার খানেক কৃষক বিক্ষোভ মিছিল ও পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 10:53 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

পাবনা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার টেবুনিয়া বাজারে সোমবার সার না পেয়ে বিক্ষুব্ধ হাজার খানেক কৃষক বিক্ষোভ মিছিল ও পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেছেন। অবরোধের সময় মহাসড়কে প্রায় দুইঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে দুপুর ১২টার দিকে যৌথবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, টেবুনিয়া বাজারের সার ডিলার সিরাজুলের দোকান থেকে ওই এলাকার কৃষকদের মাঝে সোমবার সার দেওয়ার কথা ছিল। এজন্য সকাল থেকে এলাকার প্রায় এক হাজার কৃষক লাইনে দাঁড়ান। কিন্তু সকাল ৯টা থেকে সার বিতরণের কিছু পরেই মজুদ ফুরিয়ে যাওয়ার কথা জানানো হলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন কৃষকরা। ১০ টার দিকে প্রায় হাজার খানেক কৃষক টেবুনিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা অবরোধ করেন পাবনা-ঈশ্বরদী মহাসড়ক। এ সময় মহাসড়কের দুই প্রান্তে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল শফি জানান, বিক্ষোভকারীরা প্রায় দুই ঘণ্টা পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেছে। পরে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৬৪২ ঘ.