ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদকে মাদক দ্রব্য মামলায় জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। একই সঙ্গে এ মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করাকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা আগামি আট সপ্তাহের মধ্যে তার কারণ দর্শানোর জন্য স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি রুল নিশি জারি করা হয়েছে।
রোববার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মওদুদ আহমেদের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
মওদুদের বিরুদ্ধে অন্য কোন মামলা না থাকলেও আটকাদেশ থাকায় তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না বলে তার আইনজীবী মো. আজিজুল হক সাংবাদিকদের জানিয়েছেন।
গত ১৩ এপ্রিল যৌথবাহিনী বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদকে তার গুলশানের বাড়ি থেকে গ্রেপ্তার করে । তার বাড়ি তল্লাস করে ১৪বোতল বিদেশি মদ ও ৩২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সেদিনই গুলশান থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে।
২৬ এপ্রিল মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে সরকার। মওদুদ আহমেদ এর বৈধতা চ্যালেঞ্জ করে চলতি মাসের প্রথম সপ্তাহে হাইকোর্টে রিট মামলা দায়ের করেন।
মওদুদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৫৩৮ঘ.
bdnews24