সিরাজগঞ্জ, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দৃঢ় মনোবল নিয়ে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ।
বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, এটা বার বার আসবে- উল্লেখ করে সেনাপ্রধান বলেন, "এ সময় মনোবল হারালে চলবে না। সাহসের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। নতুন উদ্যমে সবাইকে কাজ করতে হবে। ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর ঠিক করতে হবে। শীতের আগেই বাম্পার ফলন ফলাতে হবে।"
রোববার সকালে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মেঘাই বাজারে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করার সময় বানভাসিদের উদ্দেশে সেনাপ্রধান এ কথা বলেন।
পরে তিনি মেঘাই বাঁধ পরিদর্শন করেন এবং সেখানে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সিরাজগঞ্জ ও কাজীপুরে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করার বিষয়টি সরকার সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।
দুটি স্থানে বন্যার্তদের মধ্যে চাল, শাড়ি, লুঙ্গি, শিশুদের জন্য গুঁড়ো দুধ ও সব্জির বীজ বিতরণ করেন জেনারেল মইন।
ত্রাণ কার্যক্রম শেষে তিনি মেঘাই বাজারে সেনাবাহিনী পরিচালিত ৩০ শয্যার ভ্রাম্যমাণ হাসপাতাল পরিদর্শন করেন। ভ্রাম্যমাণ এ হাসপাতালে বিভিন্ন গ্রাম থেকে ডায়রিয়া ও আমাশয় রোগীদেরকে নিয়ে আসার পরামর্শ দেন সেনাপ্রধান।
সিরাজগঞ্জ ও কাজীপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ সিরাজগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তারা ওই সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৩৯ ঘ.
bdnews24