কুমিল্লা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা পাসপোর্ট অফিসের সামনে বৃহস্পতিবার ভোরে গ্রাহকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত তিনদিন ধরে পাসপোর্ট অফিস থেকে দরখাস্ত জমা দেওয়ার কোনো টোকেন না দেওয়ায় সেখানে ভিড় বাড়ছিল। বৃহস্পতিবার দরখাস্ত জমা দেওয়ার জন্য বুধবার রাত থেকেই অফিসের সামনে অন্তত এক হাজার মানুষ জড়ো হন। রাত আড়াইটার দিকে লাইনে দাঁড়ানো নিয়ে এসব গ্রাহকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশের হস্তক্ষেপে তখন পরিস্থিতি শান্ত হলেও ভোরে লাইনে দাঁড়ানো নিয়ে আবারো সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ বেধড়ক লাঠিপেটা শুরু করে।
পরে পুলিশের সঙ্গে গ্রাহকদের সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুলিশ এক পর্যায়ে রাবার ছোড়ে।
কুমিল্লার পুলিশ সুপার মীর শহীদুল ইসলাম পুলিশের চার রাউন্ড রাবার বুলেট ছোড়ার কথা স্বীকার করেছেন।
সংঘর্ষে পাসপোর্ট গ্রাহক জেলার ব্রাহ্মণপাড়ার আরঙ্গজেব খান চৌধুরী, চাঁদপুরের হাসান ও কামাল, হাজীগঞ্জের মো. আলী, মনোহরগঞ্জের হাবিব, লাকসামের ফরহাদ, বরুড়ার আবুল হোসেনসহ অন্তত ২৫ জন আহত হন।
সংঘর্ষের সময় ছয়/সাতটি গাড়ি ভাংচুর করা হয়। পরে যৌথবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাসপোর্ট অফিসে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়নি বা কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৯৫৬ ঘ.
bdnews24